সেঞ্চুরির অপেক্ষায় উইলিয়ামসন, দিনশেষে শক্ত অবস্থানে কিউইরা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা বৃষ্টিতে ভেসে গেলেও বাকি সময়টা নিজেদের করে নিয়েছে কিউই ব্যাটসম্যানরা। তবে ৩ রানের অপেক্ষা নিয়ে দিন শেষ করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। দিনশেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২৪৩ রান।

এর আগে হ্যামিল্টনের সেডন পার্কে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ম্যাচের শুরুতে অধিনায়কের আস্থার প্রতিদান দেন শ্যানন গ্যাব্রিয়েল। ইয়ংকে ফিরিয়ে শুভসূচনা করেন তিনি। তারপর বাকি সময়টা কেবলই নিউজিল্যান্ডের মুখে হাসি ফুটেছে।

দ্বিতীয় উইকেটে ১৫৪ রানের বড় জুটি গড়েন টম লাথাম ও উইলিয়ামসন। সেঞ্চুরির পথে ছুটে যাচ্ছিলেন দুইজনেই। তবে লাথামের পথে কাটা হয়ে দাঁড়ান কেমার রোচ। বোল্ড করে লাথামকে সাজঘরের পাঠান তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে এই বাঁহাতি ব্যাটসম্যান করেন ৮৬ রান।

তৃতীয় উইকেটে আবারো জুটি বাঁধেন উইলিয়ামসন ও রস টেলর। দলের সবচেয়ে অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান দিনের বাকিটা সময় নিরাপদেই পার করে দেন। দিনশেষে উইলিয়ামসন অপরাজিত ৯৭ রানে। তার উইলো থেকে এসেছে ১৬টি চারের মার। অপরপ্রান্তে টেলর অপরাজিত আছেন ৩১ রানে। টেলর ও উইলিয়ামসনের জুটি অবিচ্ছিন আছে ৭৫ রানে।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে উইকেট দুইটি পেয়েছেন রোচ ও গ্যাব্রিয়েল।

সংক্ষিপ্ত স্কোর

টস : ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ড ১ম ইনিংস ২৪৩/২ (৭৮ ওভার)
উইলিয়ামসন ৯৭*, লাথাম ৮৬, টেলর ৩১*;
রোচ ১/৫৩, গ্যাব্রিয়েল ১/৬২।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »