ডেস্ক রিপোর্ট »
গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দিনের দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে জিততে ১৪ রান প্রয়োজন ছিল রাজশাহীর। বোলিং করতে এসে নিজের প্রথম বলেই সোহানকে ফেরান মুস্তাফিজ। এরপরের দুই বলও দিয়েছেন ডট। চতুর্থ বলে অবশ্য তাঁকে ছক্কা হাঁকিয়ে জয়ের আশা জাগিয়ে তোলে রনি। পঞ্চম বলে আবারো চার। শেষ লক্ষ্য দাঁড়ায় ১ বলে ৪ কিন্তু শেষ বলে ২ রান নিয়ে রাজশাহী ম্যাচ হেরে যায় ১ রানের ব্যবধানে।
দারুণ শুরু করা রাজশাহীর দুই ওপেনার ফেরার পরেও জয়ের পথেই ছিল তারা। তবে ১৭ বলে ২৫ করা মেহেদী হাসান এবং ৯ বলে ১১ করা ফজলে মাহমুদ আউট হয়ে গেলে জয়ের পথ থেকে ছিটকে যায় নাজমুল হোসেন শান্তর দলটি। নুরুল হাসান সোহান এবং রনি তালুকদার শেষ চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে চট্টগ্রামকে শুভ সূচনা এনে দিয়েছেন লিটন দাস এবং সৌম্য সরকার। এই দুজনে যোগ করেন ৬২ রান। এরপর দ্বিতীয় উইকেটে অধিনায়ক মিঠুনকে নিয়ে আরও ৩১ রান যোগ করেন লিটন। তবে চট্টগ্রাম দলপতি ফিরেছেন ১১ রান করে। এরপর মাত্র ১ রান করে ফিরে গেছেন শামসুর রহমান। যদিও চতুর্থ উইকেটে মোসাদ্দেক হোসেনকে নিয়ে চট্টগ্রামের লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেছেন একপ্রান্ত আগলে রাখা লিটন।
সংক্ষিপ্ত স্কোরঃ
গাজী গ্রুপ চট্টগ্রামঃ ২০ ওভারে ১৭৬/৪ (লিটন ৭৮*, মোসাদ্দেক ৪২, মিঠুন ১১; মুকিদুল ৩/৩০)
মিনিস্টার রাজশাহীঃ ২০ ওভারে ১৭৫/৭ (ইমন ৫৮, শান্ত ২৫, আশরাফুল ২০; মুস্তাফিজ ৩/৩৭)
