নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মহামারি করোনার কারণে বেশ লম্বা সময় বন্ধ ছিল প্রতিযোগিতামূলক ক্রিকেট। সুরক্ষা বলয় ও সতর্ক অবস্থানে থেকে অনান্য দেশ গুলো আবারো ক্রিকেটে ফিরলেও এখন অব্দী আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি টিম বাংলাদেশের। মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে লঙ্কানদের মাটিতে সিরিজ দিয়ে ফেরার কথা থাকলেও শর্ত নিয়ে দুই বোর্ডের বনিবনা না হওয়ায় শেষ পর্যন্ত সফরটি আর হয়ে উঠেনি।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুর দিকে অপেক্ষার অবসান হতে পারে বাংলাদেশের। ২০২১ সালের শুরুর দিকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজন করার পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের ২ সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশে এসে করোনার সুরক্ষা ব্যবস্থা ও অনান্য সুযোগ সুবিধার পরখ করতে এসে বিসিবির আয়োজনে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছে।
গত শনিবার ওয়েস্ট ইন্ডিজের দুই প্রতিনিধি ঢাকায় আসেন। ঢাকা ও চট্রগ্রামের দুটি ভেন্যু ও উভয় শহরের দুটি হাসপাতাল পরিদর্শন করেন তারা। এছাড়া বিকেএসপিতেও ঢু মেরে এসে সবমিলিয়ে বিসিবির সুরক্ষা ব্যবস্থায় নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করার কথা ক্যারিবিয়ানদের।
গতকাল (বুধবার) ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের দুই অতিথিকে সঙ্গে নিয়ে গনমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান:
উনারা আমাদের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে এসেছেন। আপনারা জানেন সামনে ওয়েস্ট ইন্ডিজ আমাদের দেশে আসার কথা। ওরা ঢাকা-চট্টগ্রাম উভয় জায়গায় মাঠ,হোটেল,হাসপাতাল সব ঘুরে দেখেছে। সবকিছু যাছাই করে ওরা সন্তুষ্ট।সবকিছু ঠিক থাকলে আগামী বছর জানুয়ারির মাঝামাঝিতে ওরা বাংলাদেশ সফর করবে।
নিউজক্রিকেট/ ইফতি
