মিরপুরে রান খরার ব্যাখ্যা দিলেন মুশফিক

ডেস্ক রিপোর্ট »

টুর্নামেন্টের শুরুতে কয়েকটি ম্যাচে বড় স্কোর দেখা গেলেও মিরপুর মাঠ আবারো ফিরে গেছে তার আগের লো স্কোরিং ম্যাচে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে লো স্কোরিং ম্যাচের কারণে আলোচনা সমলোচনা হচ্ছেই। মিরপুরের উইকেটে কেন কাঙ্ক্ষিত সেই বড় রানের দেখা মিলছে না, তার ব্যাখ্যা দিয়েছেন মুশফিকুর রহিম।

 

চলতি টুর্নামেন্টে মুশফিক দায়িত্বে রয়েছেন ঢাকার। কাগজে-কলমে বেশ শক্তিশালী দল ঢাকা। যদিও নিজেদের প্রথম তিন ম্যাচে হেরে বেশ ব্যাকফুটে ছিল ঢাকা, তবে জয় এসেছে গতকাল চতুর্থ ম্যাচে। ফরচুন বরিশালের ছুঁড়ে দেওয়া ১০৯ রান তাড়া করতেই অবশ্য দলটির লেগে গেল ১১৩ বল!

 

ম্যাচ শেষে আনুষ্ঠানিক আলাপচারিতায় বলেন,”টানা খেলা হচ্ছে, উইকেট শুকনো থাকবে এই আশা করতে পারবেন না। উইকেটে সূর্যের আলো কম থাকার কারণে কিউরেটররা এক দিনের মধ্যে ফ্রেশ একটি উইকেট তৈরি করতে পারবেন না। তারা উইকেটে পানি, ঘাস প্রয়োগ করেন, এর উপর যদি যথেষ্ট সূর্যের তাপ না থাকে… কিউরেটরদের জন্য এটা কঠিন কাজ।’’

 

কিউরেটররা যেভাবে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন, সেভাবে মুশফিকও দলকে সর্বোচ্চ চেষ্টার তাগিদ জানালেন, যাতে কন্ডিশনের দ্রুত বদলে নেওয়াও ইতিবাচকভাবে কাজে লাগানো যেতে পারে।

 

এ বিষয়ে মুশফিক বলেন,’‘আমাদের আজকের মত প্রতিদিন দ্রুত কন্ডিশনের এই পরিবর্তন কাজে লাগাতে হবে। উইকেট শুরুতে শক্ত ছিল, তাই শুরুতে বলেছিলাম কত স্কোর তাড়া করার মত হবে তা অনুমান করা কঠিন। তবে আশাবাদী ছিলাম, আমাদের বোলাররা ভালো করলে আর ফিল্ডিংয়ে সুযোগগুলো কাজে লাগালে প্রতিপক্ষকে অল্প রানে আটকে রাখতে পারব। আলহামদুলিল্লাহ, আমরা এটা করতেও পেরেছি।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »