সাধারণ ক্রিকেট খেলেই সফল লিটন

ডেস্ক রিপোর্ট »

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর ম্যাচ থেকেই রানের পসরা সাজিয়ে বসেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের ওপেনার লিটন দাস। টুর্নামেন্টে চার ম্যাচ খেলে সংগ্রহ করেছেন সর্বমোট ২০০ রান। যে কারণে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে সবার থেকে ঢের এগিয়ে রয়েছেন তিনি।

 নিজের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে করেছিলেন ৩৩ বলে ৩৪ রান। দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে খেলেছিলেন ৪৬ বলে অপরাজিত ৫৩ রানের এক ইনিংস। এরপর ফরচুন বরিশালের বিপক্ষে খেলেন দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩৫ রানের ইনিংস। সর্বশেষ বুধবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৩ বলে অপরাজিত ৭৮ রানের এক দুর্দান্ত ইনিংস।

 

এর আগে শেষ হওয়া প্রেসিডেন্টস কাপে তেমন ভালো পারফর্ম করতে পারেননি লিটন, তাই সবার মনে প্রশ্ন জাগতে পারে, কিভাবে এক মাসের ব্যবধানে বদলে গেলেন লিটন? উত্তরটা দিলেন তিনি নিজেই।

 

জানিয়েছেন নিজের ক্রিকেট খেলার ধরণ বদলে দেয়াতেই বদলে গেছেন তিনি। বুধবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিওক্ষে ম্যাচ শেষে এমনটাই জানান লিটন।

 

লিটন বলেন,”শেষ তিনটা ম্যাচ মোটামুটি ভালো ব্যাটিং করেছি আমি। আমি আসলে আমার ক্রিকেটটা অনেক চেঞ্জ করেছি। তো আমার মনে হয় এটা আমার সম্পূর্ণ মাইন্ড সেট আপ। যেহেতু শিশিরের জন্য বল ব্যাটে ভালো আসছিলো, তো আমি চেষ্টা করেছি আমার শট গুলো খেলার ব্যালেন্স রেখে।”

 

টুর্নামেন্টের বাকি ব্যাটসম্যানদের মতো না খেলে নিজের বেসিক খেলা খেলেছেন বলেই সফলতা পাচ্ছেন। এ প্রসঙ্গে লিটন বলেন,”আমার কাছে মনে হয় যে পুরো টুর্নামেন্টটা আপনি যদি দেখেন, পাওয়ার প্লেতে রান কম হচ্ছে এবং আর্লি উইকেট যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে, হয়তো ব্যাটসম্যানরা একটু জোড়াজুড়ি বেশি করছে। যেটা আমি আপাতত এই টুর্নামেন্টে এখন পর্যন্ত করি নি। আমার বেসিক … ছিলাম, বল দেখবো, বল খেলবো। অতিরিক্ত কোনো চার্জ নেব না। আমার মনে হয় এই জিনিসটা আমার জন্য ভালো ফল দিচ্ছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »