বাংলাদেশে ‘তিনবার’ করোনা নেগেটিভ হতে হবে হোল্ডারদের

ডেস্ক রিপোর্ট »

করোনার মধ্যেই আন্তর্জাতিক ম্যাচ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই ভাইরাসের কারণে সর্বোচ্চ নিরাপত্তা নিতে হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। এই সিরিজের জন্য বাংলাদেশ পর্যবেক্ষণে এসে সন্তুষ্টির কথা জানিয়েছে ক্যারিবীয় প্রতিনিধি দল। দেশে এসে টাইগারদের বিপক্ষে খেলতে নামার আগে সাত দিন কোয়েরেন্টিনে থাকতে হবে জেসন হোল্ডারদের। সাথে করে তিনবার করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে।

কোভিড-১৯ এর কারণে একাধিক সিরিজ বাতিল হয়ে গিয়েছে বাংলাদেশ দলের। মাস খানেক আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার কথা থাকলেও সেটা আর সম্ভব হয়নি।

আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরে আসার কথা আছে ক্যারাবীয়দের। সেই সিরিজে ৩টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টির ম্যাচের সূচি রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে করোনা পরিস্থিতি দেখতে দুই সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছিল ক্যারিবীয়রা। প্রতিনিধি দলের দুই সদস্য হলেন- ডি. অক্ষয় মানসিং ও পল স্লো। তারা বাংলাদেশে এসে নিরাপত্তার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন।
শেষপর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ বোর্ড অনুমতি দিলে বাংলাদেশ সফরে আসবে তারা। বাংলাদেশে এসে ৭ দিনের কোয়ারেন্টিন করতে হবে তাদের। সাথে তিনবার করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে।

আজ (বুধবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান, আইসিসি ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিকেল দলের সদস্য মানসিং। মানসিং বলেন,”কোভিড প্রোটোকল অনুযায়ী কমপক্ষে সাত দিন কোয়ারেন্টিন করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন বাংলাদেশকে আক্রান্ত না করি। স্রেফ দিন নয়, তিনটি নেগেটিভ টেস্ট ফল আসতে হবে। বাংলাদেশে আসার আগে একটি নেগেটিভ টেস্ট হতে হবে। প্রথম তিন দিনের জন্য আমরা ইন-রুম কোয়ারেন্টিনের পরামর্শ দেব। প্রথম টেস্টটি হবে পৌঁছানোর পর। তিন দিনের পর আমরা আরেকবার টেস্ট করাবো। সেটিতে নেগেটিভ আসলে আমরা আমাদের স্কোয়াড নিয়ে অনুশীলন করতে চাই। কিন্তু সাত দিন পার হবার আগে বাইরের কারো সামনে আসতে চাই না। আমরা ইন্ট্রা-স্কোয়াড অনুশীলন চালাবো ততদিন। সাত দিনের পর আমরা বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে নেট সেশন করতে পারবো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »