টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়লেন মালান

ডেস্ক রিপোর্ট »

চলতি বছরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিজের করে নিয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেও নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। তবে শীর্ষস্থান ধরে রাখার দিনে নতুন এক রেকর্ড গড়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত সময় পার করেছেন মালান। যেখানে প্রথম ম্যাচে ২০ বলে ১৯ রান করার পর দ্বিতীয় ম্যাচে ৪০ বলে ৫৫ রানের ইনিংস খেলে দলকে জেতান তিনি। আর শেষ ম্যাচে মাত্র ৪৭ বলে অপরাজিত ৯৯ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অ্যারন ফিঞ্চের পর প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। এর আগে ২০১৮ সালের জুলাইয়ে ৯০০ পয়েন্টের মাইলফলক ছুঁয়েছিলেন ফিঞ্চ।

বর্তমানে ৯১৫ পয়েন্ট নিয়ে সবার উপরের স্থানে মালান। যা কিনা আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্ট। দুই থাকা বাবরের (৮৭১) থেকে ৪৪ পয়েন্ট এগিয়ে আছেন ৩৩ বছর বয়সি এই ব্যাটসম্যান। তিনে থাকা ফিঞ্চের পয়েন্ট ৮৩৫ এবং চারে থাকা লোকেশ রাহুল আছেন ৮২৪ পয়েন্ট নিয়ে।

দারুণ সময় পার করা ভ্যান ডার ডুসেন ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা পঞ্চমস্থানে। এদিকে ৭ ধাপ এগিয়ে জস বাটলার উঠে এসেছেন ২১তম স্থানে। ইংলিশদের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে টপকে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নিয়েছে ইংল্যান্ড।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »