ভারত নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আরব আমিরাতে!

ডেস্ক রিপোর্ট »

২০২১ সালের অক্টোবরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খানের দাবি, বহুল প্রতীক্ষিত এই বিশ্বকাপ আসর ভারত থেকে সরে যাওয়ার সম্ভবনা রয়েছে।

বর্তমানে ভারতে করোনা পরিস্থিতির অবস্থা খুব একটা ভালো নয়। গেল মার্চ মাস থেকেই দেশটিতে বন্ধ রয়েছে সব ধরনের ক্রিকেট। যে কারণে বিসিসিআই নিজেদের মাঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের চেষ্টাও করেনি। ওয়াসিমের দাবি, ১৩তম আইপিএল আসরের মত আগামী বছরের বিশ্বকাপও ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে।

তিনি বলেন,”ভারতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে। আর তা সেখানকার করোনা পরিস্থিতির জন্য। এই আসরটি সংযুক্ত আরব আমিরাতেও অনুষ্ঠিত হতে পারে।’’

চলতি বছর অস্ট্রেলিয়ায় সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের সপ্তম আসর হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই আসর স্থগিত করে পিছিয়ে নেওয়া হয়েছে ২০২২ সালে। ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন পূর্বনির্ধারিতই ছিল।

তবে ভারতে বিশ্বকাপ হলেও ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ পাকিস্তান এতে অংশ নিতে কোনো অসুবিধা হবে না বলে জানান ওয়াসিম। তিনি জানান,”খোদ পিসিবি সভাপতি এহসান মানি ভারতের কাছে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা প্রাপ্তির ব্যাপারে লিখিত আশ্বাসের জন্য আহ্বান জানিয়েছেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »