নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পরপর তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে বেক্সিমকো ঢাকা। দলটির অধিনায়ক মুশফিক তার দলের বোলিং নিয়ে খুশি থাকলেও ফিল্ডিংয়ের বেহাল দশাকে মেনে নিতে পারছেন না।
গতকাল সোমবার (৩০ নভেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের অষ্টম ম্যাচে জেমকন খুলনার কাছে ৩৭ রানে হেরেছে বেক্সিমকো ঢাকা। ম্যাচ শেষে তাই চাপা আক্ষেপ আর হতাশা ফুটে উঠল মুশফিকের চোখেমুখে। জানালেন, এমন পারফরম্যান্স অব্যাহত থাকলে পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই আসর শেষ করতে হবে।
মুশফিক বলেন,”বোলাররা এই উইকেটে দারুণ করেছে। আমার বোলিং ইউনিট নিয়ে আমি গর্বিত। নাসুম ও শফিকুল সত্য ভালো করেছে। আশা করি পরের ম্যাচে আরও ভালো করবে। তবে ১৪৮ রান তাড়া করার মতই ছিল। জানতাম নতুন বলে কাজটা সহজ হবে না। ৬ ওভারে যদি কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করতে পারতাম তাহলে সহজেই জিততে পারতাম।’’
গতকালের ম্যাচে যেন মিস ফিল্ডিংয়ের হাইলাইটস সাজিয়ে বসেছিল ঢাকার তরুণ দলটি। ভুলের সুযোগ কাজে লাগিয়েছে খুলনাও। মুশফিকের তাই আক্ষেপের শেষ নেই এ নিয়ে তিনি বলেন,’‘আমরা অনেক ক্যাচ হাতছাড়া করেছি, রান আউট হাতছাড়া করেছি। খুলনার মত দলের বিপক্ষে আপনি এত সুযোগ হাতছাড়া করলে, বিশেষ করে যখন কিনা রিয়াদ ভাই ব্যাট করছে… নতুন ব্যাটসম্যান ক্রিজে এসে মেরে খেলা এত সোজা না। কিন্তু আমরা সেই সুযোগ হাতছাড়া করেছি। ফিল্ডিং বিভাগে আমরা অনেক তরুণ। তাই ক্যাচ হাতছাড়ার কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই। ক্যাচ হাতছাড়ায় ২০-২৫ রান বেশি হয়েছে।’’
