নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝরি। রানের বন্যা হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে টি-টোয়েন্টি ক্রিকেটকে। আর টিভি সেট কিংবা গ্যালারির দর্শকরাও চার-ছক্কার ম্যাচ দেখতেই মুখিয়ে থাকেন সবসময়। দীর্ঘদিন পর বড় কোনো টুর্নামেন্ট ফিরেছে বাংলাদেশ ক্রিকেটে। তবে চলতি এই টুর্নামেন্টে রানের দেখা পাওয়া যাচ্ছে না। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, রানের দেখা পেতে ধৈর্য ধরতে হবে।
করোনার পর শুরুতেই তিন দলের প্রেসিডেন্টস কাপ আয়োজিত হয় এরপর এবার পাঁচ দল নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশের সব নামকরা খেলোয়াড়রা। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হলেও ঠিকঠাক রানের দেখা পাওয়া যাচ্ছে না।
গতকাল (সোমবার) গণমাধ্যমের মুখোমুখি হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের কাছে জানতে চাওয়া হয়, রান না হওয়ার কারণ। জবাবে নান্নু বলেন, দীর্ঘদিন পর খেলায় ফেরার ফলে খেলোয়াড়দের মানিয়ে নিতে খানিক সমস্যা হচ্ছে। এজন্য অন্তত অর্ধেক টুর্নামেন্ট পর্যন্ত ধৈর্য ধরতে বলেন নান্নু।
এ বিষয়ে নান্নু বলেন,”টি-টোয়েন্টিতে আপনি প্রতি ম্যাচেই একজন খেলোয়াড়ের কাছ থেকে রান পাবেন না। এটার জন্য ধৈর্য ধরতে হয়। একেকটা দলের মাত্র তিনটি করে খেলা গেছে। খেলোয়াড়রা প্রায় ৮ মাস খেলার বাইরে ছিল। কিছু খেলোয়াড় তিন দলীয় টুর্নামেন্টে ছিল কিন্তু বাকিরা ৮ মাস পর খেলছে। ঐ হিসেবে আপনাকে এটা মাথায় রেখেই চিন্তা করতে হবে। তিনটা ম্যাচ দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন না অর্ধেক টুর্নামেন্ট না যাওয়া পর্যন্ত। আমার বিশ্বাস যে আরো দুটো ম্যাচ গেলে খেলোয়াড়রা আগের অবস্থায় ফিরে আসবে।”
