নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মুশফিকের বেক্সিমকো ঢাকা। গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে ৩৭ রানে হেরে টুর্নামেন্টে টানা তৃতীয় হার দেখলো ঢাকা। দলের এমন নাজুক অবস্থায় কারণে ব্যাটি-বোলিং এবং ফিল্ডিং ইউনিটকেই দুষছেন পেসার রুবেল হোসেন।
টুর্নামেন্টে এখনো পর্যন্ত জয় না পাওয়া ঢাকা অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে। গতকাল খুলনার বিপক্ষে হারের পর দলটির পেসার রুবেল জানিয়েছেন, সবদিক থেকে তারা ভালো ক্রিকেট খেলছে না। সেই সঙ্গে তাদের বোলার এবং ব্যাটসম্যানদের পারফরম্যান্সে খুশি নন তিনি। ফিল্ডারদের দোষ দেখছেন ডানহাতি এই পেসার।
রুবেল বলেন,’‘আমার কাছে মনে হচ্ছে আমরা সবমিলিয়ে তেমন একটা ভালো ক্রিকেট খেলছি না। প্লাস হচ্ছে আমাদের ফিল্ডিং সাইডটা তেমন একটা ভালো হচ্ছে না প্লাস হচ্ছে আমাদের ব্যাটিং সাইডটাও তেমন একটা ভালো হচ্ছে না। তো আমার কাছে মনে হয় এইটা আমরা খুব তাড়াতাড়ি কার্যকর করতে পারলে হয়তো বা ভালো ফলাফল করতে পারব।’’
ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ১৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে ঢাকা। যে কারণে খুলনার বিপক্ষে হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করছেন রুবেল। তিনি মনে করেন দলের উদ্বোধনী ব্যাটসম্যানরা দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। ম্যাচ জেতার জন্য দলের শুরুটা ভালো হওয়া দরকার।
এ প্রসঙ্গে রুবেলের ভাষ্য,’‘আজকের ম্যাচের যেটা বলতে চাই আমাদের ওপেনাররা তেমন একটা ভালো খেলতে পারে নাই শুরুটা খারাপ হইছে সে কারণেই হয়তো ম্যাচটা অন্যদিকে চলে গিয়েছে। তো আমার কাছে মনে হয় শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। তো শুরুটা যে দলের ভালো হয় ম্যাচটা তাদের দিকেই যাওয়ার সুযোগ থাকে বেশি।’’
এর আগে প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া শফিকুল ইসলাম নিজের প্রথম ম্যাচে ৩৪ রানে নিয়েছেন ২ উইকেট। শফিকুলের বোলিং নিয়ে বেশ আশাবাদী রুবেল। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য,”ওর সাথে আমি নেটে বোলিং করেছি আসলে তখনই আমি দেখেছি মাশাআল্লাহ খুবই ভালো বোলিং করে। ওর পেসও আছে প্লাস ভেরিয়েশন আছে। ভালো ছেলে ভালো বোলার আমার কাছে মনে হয় ওর ভবিষ্যত খুব ভালো হবে।’’
