সামনের আসরে ৯ দলের আইপিএল!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মঙ্গলবার শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৩তম আসর। করোনাভাইরাসের ভয়কে জয় করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএল আয়োজনে সক্ষম হয়।

এবারের আইপিএল শেষ হতে না হতেই প্রস্তুতি শুরু হয়ে গেছে আগামী আইপিএল আসরের৷ ইতিমধ্যে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙুলি নিশ্চিত করেছেন আগামী এপ্রিল-মে তে আইপিএলের আগামী মৌসুম আয়োজন করা হবে। সে হিসেবে পরবর্তী আসরের জন্য খুব অল্প সময়েই রয়েছে৷

এর সাথে তিনি আরও জানিয়েছেন ২০২১ আইপিএল ভারতেই আয়োজন করা হবে। তবে এই আসরকে সামনে রখে বড় ধরণের নিলাম আয়োজন হবে অথবা ছোটো পরিসরে নিলাম হবে সেটি এখনো নিশ্চিত করা হয়নি।

তবে ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন আসছে বছর আইপিএলে একটি দল বাড়তে পারে। বিসিসিআই এটি নিয়ে আলোচনা করছে বলে দাবি তাদের। এই ৯ম দলটি আহমেদাবাদ শহরকে ঘিরে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি ৯ম দল যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে নিলাম কীভাবে হবে সেটাও জানার কেন্দ্রবিন্দু।

মূলত আর্থিক দিক বিবেচনা করে বিসিসিআই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে বোর্ড ও কমিটি ক্ষতির মুখে পড়েছে। এটি গুছিয়ে আনার জন্যই এই পরিকল্পনা।

 

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »