জেড.আই জহির : »
দিল্লি ক্যাপিটেলস’কে হারিয়ে পঞ্চমবারেরমত শিরোপা ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মঙ্গলবার দুবাইয়ে দিল্লিকে ৫ উইকেটে হারায় রোহিত শার্মার দল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসের প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল দিল্লি। মঙ্গলবার জিততে পারলে আইপিএল পেতো নতুন চ্যাম্পিয়ন এবং প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেত দিল্লি। কিন্তু অভিজ্ঞ মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে পেরে উঠতে পারেনি দিল্লির তরুণ তুর্কিরা। তাই তো, রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
এ যাবৎ আইপিএলের শিরোপার স্বাদ পেয়েছে ৬টি দল। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ বার শিরোপা ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংস শিরোপা জিতেছে ৩ বার। কলকাতা নাইট রাইডার্স ২ বার এবং রাজস্থান রয়্যালস, ডেকান চার্জার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ একবার করে শিরোপার স্বাদ নিয়েছে।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে শিরোপা জিতে রাজস্থান। দ্বিতীয় আসরে জেতে ডেকান চার্জার্স। তৃতীয় আসরে এসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় চেন্নাই। চতুর্থ আসরেও শিরোপা জেতে তারা। ২০১৮ সালে মহেন্দ্র সিং ধোনির দলটি সর্বশেষ শিরোপা জিতেছিল।
২০১২ সালে আইপিএলের পঞ্চম আসরে প্রথমবার শিরোপার স্বাদ পায় কলকাতা নাইট রাইডার্স। এক বছর বাদে ২০১৪ সালে আবার চ্যাম্পিয়ন হয় কলকাতা।
আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৩ সালে প্রথম শিরোপার স্বাদ পায়। এরপর ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে শিরোপা ঘরে তোলে তারা। সানরাইজার্স হায়দ্রাবাদ শিরোপা জিতেছিল ২০১৬ সালে।
এক নজরে আইপিএলের রোল অব অনার :
সাল চ্যাম্পিয়ন রানার্স আপ
২০০৮ রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস
২০০৯ ডেকান চার্জার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
২০১০ চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্স
২০১১ চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
২০১২ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস
২০১৩ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস
২০১৪ কলকাতা নাইট রাইডার্স কিংস ইলেভেন পাঞ্জাব
২০১৫ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস
২০১৬ সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
২০১৭ মুম্বাই ইন্ডিয়ান্স রাইজিং পুনে সুপারজায়ান্ট
২০১৮ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ
২০১৯ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস
২০২০ মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস
নিউজক্রিকেট/জেড.আই
