পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক বাবর আজম

ডেস্ক রিপোর্ট »

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কত্ব হারালেন আজহার আলী। তাঁর পরিবর্তে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে বাবর আজমের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অর্থাৎ বর্তমান পাকিস্তান দলের তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্বে থাকবেন বাবর।

গতকাল (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় পিসিবি। যদিও এর আগে বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে শোনা যাচ্ছিল টেস্ট অধিনাকত্ব হারাবেন আজহার আর তাঁর স্থলাভিষিক্ত হবেন বাবর।

২০১৯ সালের অক্টোবর মাসে সরফরাজ আহমেদের পরিবর্তে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান আজহার। প্রায় এক বছর দলকে নেতৃত্ব দিয়েও খুব বেশি সাফল্য এনে দিতে পারেননি। এই সময়টা ৯ ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে কেবল জয় পেয়েছেন মাত্র দুটি ম্যাচে, আর হেরেছেন চার ম্যাচে।
সদ্য জিম্বাবুয়ে সিরিজের আগে থেকেই তাঁর অধিনায়কত্ব হারানো নিয়ে চলছিল ঢের গুঞ্জন। সম্প্রতি গণমাধ্যমের গুঞ্জন কেবলই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। যদিও গুঞ্জনটা তৈরি হয়েছিল পিসিবি থেকেই।

আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। জিম্বাবুয়ে সিরিজের আগে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছিলেন কিউইদের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করার আগে আজহারের অধিনায়কত্ব নিয়ে পর্যালোচনা করা হবে। জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই তাকে সরিয়ে দিলো পিসিবি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »