ডেস্ক রিপোর্ট »
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে প্রথম এলিমেনটরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ছয় উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
আর এই ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন হায়দ্রাবাদ অলরাউন্ডার রশিদ খান। দিল্লির বিপক্ষে জয়ের জন্য নিজেদের মূল খেলাটাই যথেষ্ট হবে বলে মনে করেন তিনি। রোববার আবুধাবিতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে হায়দরাবাদ।
এই ম্যাচ নিয়ে রশিদ বলেন, ”আবুধাবির পিচ কিছুটা স্লো ছিল। শেষবার যখন এখানে খেলেছিলাম, তখন বল স্কিড করছিল না। আপনাকে শুধু সবকিছু স্বাভাবিক রাখতে হবে। আমাদের দিল্লির বিপক্ষে কেবল মূল খেলাটা খেলতে হবে। এরপর দেখা যাক কী হয়।”
এর আগে বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ২২ রান দেন রশিদ। তবে কোনো উইকেট পাননি তিনি। তাতে কোন আক্ষেপ নেই দল জয় পাওয়াতেই বেশি সন্তুষ্ট তিনি।
ম্যাচটি নিয়ে এই আফগান অলরাউন্ডার বলেন,”এটা খুব কঠিন ছিল। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের মতোই অনুভূতি হয়েছিল। এটা এলিমেনেটর ম্যাচ ছিল, এখানে ওই চাপটা ছিল। আল্লাহকে ধন্যবাদ আমরা এটা জিতেছি। আমি খুবই স্বাভাবিকভাবে ভালো জায়গায় বল করতে চেয়েছি।”
দিল্লি ও হায়দ্রাবাদের ম্যাচের জয়ী দল আগামী ১০ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। ওই ম্যাচেই নির্ধারিত হবে কার হাতে উঠছে এবারের আইপিএল শিরোপা।
