ডেস্ক রিপোর্ট »
চলতি মাসেই শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আর সে জন্য দল গঠন হবে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। পাঁচ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। মোট চারটি ক্যাটাগরি থেকে খেলোয়াড়দের বেছে নিতে পারবে দলগুলো। এর আগে এই টুর্নামেন্টে অংশ নেয়া পাঁচ দলের নাম জানিয়েছে বিসিবি।
ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম নামে পাঁচ দল খেলবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। যদিও এই টুর্নামেন্ট কবে মাঠে গড়াবে বিস্তারিত এখনও জানায়নি বিসিবি।
১৫ নভেম্বর টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও স্পন্সর জটিলতার কারণে টুর্নামেন্টটি পিছিয়ে দিয়েছে বিসিবি। সব ঠিক থাকলে ২১ নভেম্বর মাঠে গড়াতে পারে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।
পাঁচ দলের এই লিগে প্রতিটি দলের কোচিং স্টাফ ঠিক করে দিচ্ছে বিসিবি। প্রতিটি দলের সঙ্গেই থাকবে জাতীয় দলের দেশি-বিদেশি স্টাফটা। সেই সঙ্গে স্থানীয় কোচরাও সুযোগ পাবেন বিভিন্ন দলের কোচিং স্টাফে। এ টুর্নামেন্টে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা। যাদের মূল্য হতে পারে ১৫ লাখ টাকা। শনিবার সংবাদমাধ্যেমের সঙ্গে আলাপকালে প্লেয়ার ড্রাফট নিয়ে কিছুটা ধারণা দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান্স আকরাম খান।
তিনি বলেন,’‘খুব সম্ভবত ২১ বা ২২ তারিখের (নভেম্বর) দিকে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা আছে আমাদের। তো গ্রেডিংয়ের ক্ষেত্রে আপনার এ, বি , সি, ডি আছে। চারটা গ্রেড করে আমরা প্লেয়ার দিচ্ছি। যেখানে সব প্লেয়াররা থাকবে। প্লেয়ারদের পারিশ্রমিক এখনও ওইরকম হয় নাই, হয়তো ১৫ লাখ থেকে কম বেশি হবে যারা “এ” গ্রেডে আছে। আর যারা নিম্ন গ্রেডে আছে তারা পাঁচ কিংবা চারে।’’
