ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা’র দল ঘোষণা

জেড.আই জহির : »

চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে দক্ষিণ আফ্রিকায়। চলতি মাসে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে করবে ইংল্যান্ড ক্রিকেট দল।

এই সিরিজকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের নেতৃত্বে দলে ফিরেছেন কাগিসো রাবাদা ও সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আর দলে একমাত্র নতুন মুখ মিডিয়াম পেসার গ্লেন্টন স্টারম্যান।

ইংলিশদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলবে স্বাগতিক প্রোটিয়ারা। সূচি অনুযায়ী আগামী ২৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ। পর্যায়ক্রমে ২৯ নভেম্বর দ্বিতীয় ও ১লা ডিসেম্বর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এরপর ৪ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডে যথাক্রমে ৬ ও ৯ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দর্শক বিহীন সিরিজের সবগুলো ম্যাচ কেপটাউন ও পার্লে’র মাঠে।

দক্ষিণ আফ্রিকার টিটোয়েন্টি এবং ওয়ানডে দল : কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, ফাফ ডু প্লেসিস, বর্ণ ফর্টুইন, বেউরান হেনড্রিক্স, রেজা হেনড্রিক্স, হেইনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, ইয়ানেসান মালান, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, আন্ডিলে ফেলুকওয়ায়ো, যোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাব্রাইজ শামসি, লুথো সিপামলা, জন-জন স্মাটস, গ্লেন্টন স্টারম্যান, পাইট ভ্যান বিলজিওন, র‌্যাসি ভ্যান ডার ডুসেন ও কাইল ভেরেনে।

 

নিউজক্রিকেট/জেড.আই

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »