নিউজ ডেস্ক »
ভারত জাতীয় দলের সামনেই রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। আর এই সিরিজের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশকিছু উদীয়মান ক্রিকেটারকে নজরে রেখেছিল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। এর ভেতর অন্যতম ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সূর্য্যকুমার যাদব এবং কলকাতা নাইট রাইডার্সের ভরুণ চক্রবর্তী।
ভরুণ জাতীয় দলে ডাক পেলেও ডাক পাননি মুম্বাইয়ের ব্যাটসম্যান যাদব। আইপিএলে ২০১৮ আসর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন যাদব। কিন্তু তারপরও দলে ডাক পড়েনি ডানহাতি এই ব্যাটসম্যানের। অবশেষে তাঁর দলে না থাকার কারণ জানালেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। অভিজ্ঞতায় ভরপুর ভারতের জাতীয় দলে এখনই খেলাটা যাদবের জন্য কঠিন হবে বলেই তাঁকে নেয়া হয়নি বলে জানিয়েছেন শাস্ত্রী।’
রবি শাস্ত্রী এই প্রসঙ্গে বলেন, ”সকল তরুণদের জন্য আমার একটি বার্তা রয়েছে – ধৈর্য ধরুন এবং আপনি যখন সুযোগ পান,সেটিকে কাজে লাগান। এই সময় আপনি জগাখিচুড়ি পাকাবেন না। হতাশ হওয়ার পরিবর্তে আপনার মানসিকতায় ইতিবাচক থাকুন যে আপনি যখন সুযোগ পাবেন তখন এর সেটি যথাযথভাবে কাজে লাগাবেন।’
২০১৮ সালের আসরে ১৪ ম্যাচে ৫১২ রান করে সকলের নজরে এসেছিলেন যাদব। গত বছর ১৬ ম্যাচে ৪২৪ রান তোলেন মুম্বাইয়ের এই ব্যাটসম্যান। আর চলতি আসরে এখন পর্যন্ত খেলা ১৩ ম্যাচে ১৫৩.২৭ স্ট্রাইক রেটে ৩৭৪ রান সংগ্রহ করেছেন তিনি।
