নিউজ ডেস্ক »
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চতুর্থ দল হিসেবে গতকাল প্লে-অফ নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ১০ উইকেটে হারিয়েছে চতুর্থ দল হিসেবে প্লে-অফের টিকিট পায় হায়দ্রাবাদ।
দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুম্বাই। গতকালের ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ৭ বলে ৪ রান করে তিনি সাজঘরে ফিরলে শুরু হয় উইকেটের পতনের মিছিল। কুইন্টন ডি কক (১৩ বলে ২৫), সূর্যকুমার যাদব (২৯ বলে ৩৫) ও ঈশান কিষাণ (৩০ বলে ৩৩) রানের চাকা সচল রাখার চেষ্টা চালান। তাদের বিদায়ের পর আবার পথ হারায় মুম্বাই। তবে শেষদিকে কাইরন পোলার্ডের ২৫ বলে ৪১ রানের ইনিংস দলকে এনে দেয় সম্মানজনক পুঁজি।
তবে প্লে-অফ নিশ্চিত করতে তেমন একটা বেগ পেতে হয়নি হায়দরাবাদকে। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ঋদ্ধিমান সাহার উদ্বোধনী জুটি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়, ১৭.১ ওভারেই। ওয়ার্নার ১০টি চার ও ১টি ছক্কায় ৫৮ বলে ৮৫ ও এবং ঋদ্ধিমান ৭টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছে হায়দ্রাবাদ।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই ইন্ডিয়ান্স : ১৪৯/৮ (২০ ওভার) পোলার্ড ৪১, সূর্যকুমার ৩৬, কিষাণ ৩৩ সন্দ্বীপ ৩৪/৩, নাদিম ১৯/২, হোল্ডার ২৫/২
সানরাইজার্স হায়দরাবাদ : ১৫১/০ (১৭.১ ওভার) ওয়ার্নার ৮৫*, ঋদ্ধিমান ৫৮*
ফল : সানরাইজার্স হায়দরাবাদ ১০ উইকেটে জয়ী।
