নিউজ ডেস্ক »
২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে দূরে ছিল পাকিস্তান। তবে শেষ কয়েক বছরে কয়েকটি দল পাকিস্তানে সফর করেছে। তারই ধারাবাহিকতাই আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তান সফর করার কথা ইংল্যান্ড ক্রিকেট দলেরও।
প্রায় ১৫ বছর হতে চললো পাকিস্তান সফরে যায়নি ইংলিশরা। তবে এত বছর পরে পাকিস্তানে সিরিজ খেলতে গেলেও মূল দল পাঠাবে না ইংল্যান্ড। দ্বিতীয় সারির দলের বিপক্ষেই ঘরের মাঠে সিরিজ খেলতে হবে বাবর আজমদের।
বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। একই সময়ে ইংল্যান্ডের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থাকাতেই তারা দ্বিতীয় সারির দল পাঠাবে বলে জানিয়েছেন তিনি। পিসিবি চেয়ারম্যান বলেন,”ইংল্যান্ডের মূল দল শ্রীলঙ্কা থাকবে। কিন্তু তারা একই সময়ে পাকিস্তানেও দল পাঠাবে বিশ্বকে এই বার্তা দিতে যে আমাদের দেশ ক্রিকেট খেলার জন্য নিরাপদ। ইংল্যান্ড বোর্ডের বড় কর্মকর্তারও সফরের সময় আসবে।”
২০০৫ সালের পর নিরাপত্তার অভাববোধ করার কারণে পাকিস্তানে যায়নি ইংল্যান্ড। আগামী বছরের জানুয়ারিতে দেশটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে তাদের। এর আগে করোনা মহামারির মধ্যে ইংল্যান্ড সফরে যায় পাকিস্তান। যার কারণে বিপুল পরিমান আর্থিক ক্ষতি থেকে মুক্তি পায় ইসিবি।
