নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কয়েক মাস আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিরবে-নিভৃতে বিদায় নিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধোনির শেষ ম্যাচে দর্শকে ভরা থাকবে স্টেডিয়াম। এমনটাই ভাবছেন মাইকেল ভন।
ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের মতে, দর্শক ছাড়া ধোনির আইপিএল ক্যারিয়ার শেষ হতে পারে না। ভক্ত সমর্থকদের প্রত্যাশা ছিল এবারের আসরে ভালো করবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিন্তু নিজেকে সেই আগের রূপে মেলে ধরতে পারেননি। বেশ কয়েকবার দলকে জেতানোর সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন তিনি। তাতে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
চলতি আসরের শেষ ম্যাচে টসের সময় সঞ্চালক ড্যানি মরিসন ধোনিকে প্রশ্ন করেন, চেন্নাইয়ের হয়ে এটি তার শেষ ম্যাচ কি-না। উত্তরে ধোনি বলেন, ‘অবশ্যই নয়।’ করোনার পরিস্থিতির উন্নতি না হলে পরের আইপিএলও খেলা হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। তাতে পরের টুর্নামেন্টও হবে দর্শক ছাড়া স্টেডিয়ামে। এমনটা হলে ২০২২ সালের আইপিএলেও ধোনির খেলা উচিত বলে মনে করেন ভন।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে ভন বলেন,”পরের বছরও যদি আইপিএল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়, তাহলে ধোনিকে আরও এক বছর খেলতে হবে। সেখানে আবারও আইপিএল হওয়ার গুঞ্জন আছে। দর্শক ছাড়া তার আইপিএল ক্যারিয়ার শেষ হতে পারে না।’’
তিনি আরও বলেন,”পরের বছর তাকে অন্তত একটি ম্যাচ হলেও খেলতে হবে। যদি এমন একজন খেলোয়াড় থাকেন যিনি দর্শকে ঠাসা স্টেডিয়াম থেকে বিদায় নেয়ার প্রাপ্য, তাহলে সেটা তিনি। যদি তিনি খেলতে না পারেন তবে তিনি সম্ভবতো অদৃশ্য হয়ে যাবে। আন্তর্জাতিক ক্রিকেটে মতো কাউকে না জানিয়ে বিদায় নেবে। তবে আমি চাই তার শেষ ম্যাচে প্রচুর দর্শক থাকুক।’’
এবারের টুর্নামেন্টে ১৪ ম্যাচে ২০০ রান করেছেন চেন্নাইয়ের তিনবারের শিরোপা জয়ী এই অধিনায়ক। যেখানে গড় মাত্র ২৫.০০।
