নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএলের ১৩তম আসরে প্লে অফে যাওয়ার সুযোগ ছিল পাঞ্জাবের। প্লে অফ নিশ্চত করতে হলে নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না। এমন সমীকরন নিয়ে চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হয়েছিল পাঞ্জাব। চেন্নাইয়ের বিপক্ষে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল রাহুল, গেইলদের পাঞ্জাব।
নিজেদের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল এবং মায়ঙ্ক আগারওয়াল এর ব্যাটে ভালো সূচনা করে পাঞ্জাব। ১৫ বলে ২৬ রান করে মায়ঙ্কের বিদায়ে ৫.২ ওভারে দলীয় ৪৮ রানে ভাঙে ওপেনিং জুটি। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে পাঞ্জাব। ৬ নাম্বারে ব্যাটিংয়ে নেমে ঝড়ো হাফ সেঞ্চুরি করে দলীয় দেড়শ পার করেন দিপক হুদা। ৩০ বলে ৩ চার ও ৫ ছক্লায় ৬২* রানে অপরাজিত থাকেন হুদা। বল হাতে ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি।১ করে উইকেট নিয়েছেন রবিন্দ্র জাদেজা, ইমরান তাহির এবং শারদিল ঠাকুর।
১৫৪ রানেট টার্গেটে খেলতে নেমে ১৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চত করেছে চেন্নাই। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ৬২* রান করেছেন ঋতুরাজ ঘায়কোয়াড়। ৩৪ বলে ৪৮ করেছেন ফাফ দু প্লেসিস এবং ৩০ বলে ৩০ রান করেছেন আম্বাতি রাইডু। বল হাতে ৩ ওভারে ৩১ রানে ১ উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান।
১৪ ম্যাচে ৬ জয় এবং ৮ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে টূর্নামেন্ট শেষ করল পাঞ্জাব। আসরের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে সুপার ওভারে হেরে যায় পাঞ্জাব। হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ব্যাঙ্গালুর এর বিপক্ষে বড় জয় পায় দলটি। তারপর টানা ৫ ম্যাচ হেরে ব্যাকফুটে চলে যায় দলটি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা ৫ জয়ে নতুন করে স্বপ্ন দেখে পাঞ্জাব। নিজেদের শেষ ২ ম্যাচে হেরে ৬ জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হলো গেইল, রাহুলদের।
নিউজক্রিকেট / রাসেল
