সাকিব শাওন : »
করোনার প্রকোপ কাটিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশের ক্রিকেটাররা। সদ্য শেষ হল বিসিবি প্রেসিডেন্টস কাপ। সামনে আবার শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। করোনা মহামারীর কারণে এবার বিপিএল মাঠে গড়াবে না একপ্রকার নিশ্চিত। সে কারণেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সর্বোচ্চ সাধ্য অনুযায়ী জমকালো আয়োজন করতে চায় বিসিবি। এরই ধারাবাহিকতায় টুর্নামেন্টের সম্প্রচার কাজে আন্তর্জাতিক মানের সম্প্রচার প্রতিষ্ঠানকে আহ্বান জানানো হয়েছে।
গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, শীঘ্রই সম্প্রচার প্রতিষ্ঠানের জন্য দরপত্র আহ্বান করা হবে। আন্তর্জাতিক বা স্থানীয় সম্প্রচারক-যা হোক না কেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সম্প্রচারের মান হবে আন্তর্জাতিক মানের।
জালাল ইউনুস বলেন, “আমরা আন্তর্জাতিক ব্রডকাস্টারদের আহ্বান জানাবো। খুব শীঘ্রই, দুই-একদিনের মধ্যেই আমরা টেন্ডার করব। যাতে ম্যাচগুলো তারা কভার করতে পারে, মিডিয়া স্বত্ব আমরা তাদেরকে দিব।’’
বিসিবি আন্তর্জাতিক সম্প্রচারক পাওয়ার ব্যাপারে আশাবাদী। জালাল ইউনুস আরো জানান, ‘‘ব্রডকাস্টার লোকাল বা আন্তর্জাতিক হতে পারে। তবে আমরা আন্তর্জাতিক ব্রডকাস্ট চেয়ে টেন্ডার দিব। এখানে ব্রডকাস্ট আলাদা থাকবে, প্রোডাকশন আলাদা থাকবে ডিজিটাল কনটেন্টও আলাদা থাকবে। এমন হতে পারে কেউ ডিজিটাল কনটেন্টের জন্য নিতে পারে। অথবা ব্রডকাস্ট বা প্রোডাকশন নিতে পারে আলাদা আলাদা।’’
সবকিছু নিয়ে প্রস্তুতির জন্য প্রয়োজন যথেষ্ট সময়। টুর্নামেন্ট তাই কিছুদিন পেছাতে পারে বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেছেন,”যেহেতু আমরা চেষ্টা করছি টেন্ডারটা আন্তর্জাতিক ব্রডকাস্টের জন্য, সেহেতু কিছু সময় বিলম্ব হতে পারে। ১৫ নভেম্বরের পরিবর্তে ৭ থেকে ১০ দিন পেছাতেও পারে। কিন্তু আমরা এখনো ১৫ তারিখ ধরে রেখেছি।’’
