সুফিয়ান আল হাসান : »
ব্যাঙ্গালুরুর সামনে ছিলো প্লে অফ নিশ্চিতের সুযোগ, আর হায়দ্রাবাদের বাঁচা মরার লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার কোহলির দলকে ৫ উইকেটে হারিয়ে প্লে অফের সম্ভাবনা বাচিয়ে রাখলো হায়দ্রাবাদ। আর হায়দ্রাবাদের জয়ে জমে উঠেছে আইপিএল পয়েন্ট টেবিল। চেন্নাই ছাড়া সবারই সম্ভাবনা আছে প্লে অফে যাওয়ার।
শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে শারজায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান স্কোরবোর্ডে জমা করে ব্যাঙ্গালোর। ৩১ বল মোকাবেলা করে দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে জশ ফিলিপ্পের ব্যাট থেকে। এছাড়া এবি ডি ভিলিয়ার্স ২৪ বলে ২৪, ওয়াশিংটন সুন্দর ১৮ বলে ২১ ও গুরকিরাত সিং ২৪ বলে অপরাজিত ১৫ রান করেন। হায়দ্রাবাদের হয়ে দুটি করে উইকেট নেন হোল্ডার এবং সন্দ্বীপ।
ছোট টার্গেটে খেলতে নামলেও শুরুতে ওয়ার্নারকে হারিয়ে কিছুটা বিপাকে পরে হায়দ্রাবাদ। তবে ঋদ্ধিমান সাহা ও মানিস পান্ডের জুটিতে আলোর পথ দেখে হায়দ্রাবাদ। দলীয় ৬০ রানে ভাঙ্গে তাদের ৫০ রানের জুটি। ৩৬ রান করে চাহালের বলে ক্যাচ দিয়ে ফিরে যান মানিস পান্ডে। দলের খাতায় আর ২০ রান যোগ হতেই ৩৯ করে চাহালের বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ দেখেন ঋদ্ধিমান সাহা। এরপর কেন উইলিয়ামসন এবং অভিষেক শার্মা দুজনই ফিরেছেন ৮ রান করে। শেষে এসে ১০ বলে ২৬ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হোল্ডার ।
হায়দ্রাবাদের এই জয়ে এখন প্লে অফের ৩ পজিশনে জন্য লড়াই করবে ৬ দল, ছিটকে পড়া চেন্নাই বাদে সবারই আছে প্লে অফ খেলার সম্ভাবনা। ইতিমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ানস। চেন্নাই, মুম্বাই ছাড়া বাকি ৬ দল এখন লড়বে প্লে অফের খালি থাকা ৩ পজিশনের জন্য।
সংক্ষিপ্ত স্কোর:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১২০/৭ (২০ ওভার) ফিলিপ্পে ৩২, ডি ভিলিয়ার্স ২৪, সুন্দর ১৫*; সন্দ্বীপ ২০/২, হোল্ডার ২৭/২;
সানরাইজার্স হায়দরাবাদ ১২১/৫ (১৪.১ ওভার) ঋদ্ধিমান ৩৯, মনিশ ২৬, হোল্ডার ২৬*; চাহাল ১৯/২;
ফল : সানরাইজার্স হায়দরাবাদ ৫ উইকেটে জয়ী।
