নিউজ ডেস্ক »
২০১৮ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম দল কলকাতা নাইট রাইডার্সকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দীনেশ কার্তিক। অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই সমালোচনা তীর তার দিকে ছিল। চলতি আসরেও এর ব্যতিক্রম হয়নি।
প্রথমেতো অধিনায়কত্ব নিয়ে সমালোচনা ছিলই, এবার সেই সঙ্গে মরার ওপর খারার ঘা হিসেবে যোগ হয়েছে কার্তিকের ব্যাটিং ব্যর্থতা। তাই সবকিছু মিলিয়ে বলাই যায় এবারের আসরে বেশ চাপেই ছিলেন কলকাতার এই দলপতি।
চলতি আসরের মাঝামাঝি সময়ে এসে হুট করেই অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন কার্তিক। মূলত ব্যাটিংয়ে পুরোদস্ত মন দিতে মরগানের হাতে অধিনায়কত্বের গুরুভার সঁপে দিয়েছিলেন তিনি। কিন্তু এরপরও ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না ৩৫ বছর বয়সি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
যেই লক্ষ্যে অধিনায়কত্ব ছাড়লেন, সেই লক্ষ্যে পৌছাতে না পাড়ায় কার্তিকের ওপর বেজায় চটেছেন সাবেক ভারতীয় তারকা ব্যাটসম্যান এবং সাবেক কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর। ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব ছাড়ায় কার্তিককে এক প্রকারে ধুয়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
গম্ভীর বলেন,”আপনি অধিনায়কত্ব ছেড়েছেন ব্যাটিংয়ে মনোনিবেশ করতে। তবে এটি কার্যকর হয়নি। মাঝে মাঝে দায়িত্ব নেয়াটা ভালো। ২০১৪ সালে যখন আমি খারাপ ফর্মে চলে গিয়েছিলাম তখন আমি এক টানা তিন ম্যাচে রানের দেখা পাইনি। সে সময় অধিনায়কত্ব আমাকে সাহায্য করেছিল ফর্মে ফিরে আসতে।যেহেতু যখন আমি ব্যাটিং করছিলাম না, তখন আমি আমার অধিনায়কত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কীভাবে দলকে জিততে পারি সে সম্পর্কে ভাবছিলাম। তবে আপনি যখন অধিনায়ক নন, আপনি নিজের ব্যাটিং সম্পর্কে আপনাকে আরও ভাবতে হবে।”
