নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সুযোগ সবসময় আসে না বা সবসময় তৈরী হয় না। গতকালের পাকিস্তানের বিপক্ষে এক প্রকার জয়ের ম্যাচ হাতছাড়া করলো জিম্বাবুয়ে। না পারল টেলর, না পারল জিম্বাবুয়ে। ২০১৫ সালের পর আরও একবার পাকিস্তান বধের সুযোগ পেয়েও জয়ের গল্পকথা লিখতে পারলেন না টেইলর-রাজারা। জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যানের টেলর একাই করেন ১১৭ বলে ১১২ রানের অনবদ্য সেঞ্চুরি। সাথে মাদেভেরের হাফসেঞ্চুরি হয়ে থাকল আক্ষেপের গল্প।
২৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা একেবারেই নিশ্চুপ ছিল জিম্বাবুয়ের। দলীয় ২৮ রানেই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে বসে তারা। তবে সে বিপদ সামলে উঠে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যাচ্ছিলেন ক্রেইগ এরভিন ও টেলর। আশার প্রদীপ বেশিক্ষণ স্থায়ী হয়নি, ৪১ রান করে ফিরে যেতে হয় এরভিনকে। ক্রিজে থাকতে পারেননি শন উইলিয়ামসও। শেষ দিকে মাদেভেরে ও টেলর ১১৯ রানের জুটি কেবল হারের ব্যবধান কমিয়েছে। শেষের দিকে কোন ব্যাটসম্যান রানের দেখা না পাওয়ায় সবকটি উইকেট হারিয়ে ২৫৫ তে থামতে হয় জিম্বাবুয়েকে। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি আর ৪ উইকেট নেন ওয়াহাব রিয়াজ।
এর আগে দিনের শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় পাকিস্তান দলের। উদ্বোধনী জুটি থেকে আসে ৪৭ রান। আবিদ আলীর বিদায়ের পর ক্রিজে থাকতে পারেননি ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া বাবর আজম। ৫৮ রান করে ইমাম উল বিদায় নেয়ার পর গড়ে উঠেনি আর কোন বড় জুটি। একপ্রান্তে হারিস সোহেল আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। হারিসের ৭১ ও শেষ দিকে ইমাদ ওয়াসিমের ২৬ বলে অপরাজিত ৩৪ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮১ রান তুলে পাকিস্তান। জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারবানি ও টেন্ডাই চিসোরো।
সংক্ষিপ্ত স্কোরকার্ড :
পাকিস্তান : ২৮১/৮ (ওভার ৫০) হারিস সোহেল ৭১, ইমাম উল হক ৫৮, টেন্ডাই চিসোরো ২/৩১
জিম্বাবুয়ে : ২৫৫/১০ (ওভার ৪৯.৪) ব্রেন্ডন টেলর ১১২, উইসলি মাদেভেরে ৫৫, শাহিন শাহ আফ্রিদি ৫/৪৯, ওয়াহাব রিয়াজ ৪/৪১
