নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারলেই বাদ এমন বাঁচা-মরা সমীকরণের সামনে থেকে দারুণভাবে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে স্টিভেন স্মির্থের রাজস্থান রয়্যালস। গতকাল (৩০ অক্টোবর) কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে তারা।
টানা পাঁচ ম্যাচ জয়ের পর এবার পরাজয়ের মুখ দেখলো লোকেশ রাহুলের পাঞ্জাব। ফলে প্লে অফে পৌঁছাতে অপেক্ষায় থাকতে হচ্ছে তাদেরকে। পাঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট একই। পরবর্তী রাউন্ডে কারা যাচ্ছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গতকাল পাঞ্জাবের দেওয়া ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ ছক্কা এবং ৬ চারের সাহায্যে মাত্র ২৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন স্টোকস। এর আগে বল হাতেও লোকেশ রাহুল এবং নিকোলাস পুরানদের উইকেট তুলে নেন এই তারকা ক্রিকেটার। স্টোকস ছাড়াও দারুণ খেলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন। ২৫ বলে ৪৮ রানের আরেকটি ঝড়ো ইনিংস দেখান। এছাড়া ২০ বলে ৩১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক স্মিথ। আর তাঁর সঙ্গী হিসেবে ২২ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।
এর আগে দিনের শুরুতে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রাজস্থান দলপতি স্মির্থ। এরপর ক্রিস গেইল ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৫ রান সংগ্রহ করে পাঞ্জাব। শুরুতেই ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষ বোলারের উপর রীতিমত ঝড় সৃষ্টি করেন পাঞ্জাবের ক্যারিবিয়ান ব্যাটিং তারকা ক্রিস গেইল। দলীয় মাত্র এক রানের মাথায় ওপেনার মান্দিপ সিং আউট হলে অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে ১২০ রানের বাম্পার জুটি গড়েন গেইল। এই জুটি গড়ার পথে ৬৩ বলে ৯৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ৮টি ছক্কা এবং ৬টি চার।
এরপর ২০তম ওভারের চতুর্থ বলে জফরা আর্চারকে উড়িয়ে মারতে যেয়ে মিস করেন গেইল। ফলে বলটি তাঁর স্টাম্পে আঘাত হানে। একই সঙ্গে সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপে পুড়তে হয় তাঁকে। তবে আউট হলেও দারুণ এক রেকর্ড গড়েছেন এই ক্যারিবিয়ান। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার ছক্কার মালিক বনে গেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
কিংস ইলেভেন পাঞ্জাব: ১৮৫/৪ (২০ ওভার) (গেইল ৯৯, রাহুল ৪৬; আর্চার ২/২৬, স্টোকস ২/৩২)
রাজস্থান রয়্যালস: ১৮৬/৩ (১৭.৩ ওভার) (স্টোকস ৫০, স্যামসন ৪৮; অশ্বিন ১/৪৩ জর্ডান ১/৪৪)
