টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে হবে বাধ্যতামূলক ফিটনেস টেস্ট-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সদ্য শেষ হলো বিসিবি আয়োজিত প্রেসিডেন্টস কাপ। এবং আগামী মাসে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আর এই টুর্নামেন্টের আগে সকল ক্রিকেটারকে ফিটনেসের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দল, হাই পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা ইতোমধ্যে বিভিন্ন ফিটনেস পরীক্ষার মুখে রয়েছেন।

সব ক্রিকেটারদের টি-টোয়েন্টি কাপের আগে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা দিতে হবে। কিছু দিন আগেই বিপ টেস্টের বদলে ফিটনেস যাচাইয়ের জন্য ইয়ো ইয়ো টেস্ট প্রক্রিয়া চালু করেছে বিসিবি। এবারও তাদের পরীক্ষা হবে ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে।

এই টুর্নামেন্টের ড্রাফট তালিকা প্রকাশ পাওয়ার পরই ফিটনেস টেস্টের বিস্তারিত জানাবে বিসিবি। ক্রিকেটারদের এই ফিটনেস পরীক্ষার জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘‘লকডাউনের সময় জাতীয় দল, এইচপি ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে যেভাবে ফিটনেস নিয়ে কাজ করেছে এতে আমরা বেশ উৎসাহ পেয়েছি। তাদের এই চেষ্টা দলীয় অনুশীলন ও ম্যাচ খেলার সময় সাহায্য করেছে। যারা এই সেটআপের বাইরে ছিল তাদের কথা ভেবেই আমরা ফিটনেস পরীক্ষার জন্য প্রস্তুত হতে আহ্বান জানাচ্ছি।’’

এর আগে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেবে পাঁচটি দল। এই টুর্নামেন্ট আগামী ১৫ নভেম্বর শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »