নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গতকালের ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। এই পরাজয়ের ফলে প্লে অফে খেলাটা বেশ জটিল হয়ে গিয়েছে কলকাতার জন্য। সমীকরণ যত জটিলই হোক না কেন প্লে-অফে খেলতে এখনো আশাবাদী দলটির পরামর্শক ডেভিড হাসি।
কাগজে-কলমে কলকাতার গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ বাকি আছে। অপরদিকে কলকাতার সমপরিমাণ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের চারে অবস্থান করছে কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের এখনো বাকি রয়েছে দুটি ম্যাচ। ১৩ ম্যাচে কলকাতার পয়েন্ট ১২। নেট রানরেট -০.৪৬৭। প্লে অফ নিশ্চিত করতে হলে রাজস্থানের বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানে জিততেই হবে মরগান-গিলদের। তাকিয়ে থাকতে হবে পঞ্জাবের দিকেও। কেননা পাঞ্জাব পরের দুটি ম্যাচে হারলে আর কোনো বাধা থাকবে না কলকাতার প্লে অফে খেলার।
হেরে গেলেই প্লে-অফের আইপিএল থেকে বিদায় এমন সমীকরণে দাড়িয়েও কলকাতার পরামর্শক হাসি প্লে-অফে খেলতে বেশ আত্মবিশ্বাসী। কলকাতাকে এই অবস্থানে আনতে নিজেদের দুষলেও প্রতিযোগিতা থেকে এখনই ছিটকে যায়নি দল, এমনটাই মনে করছেন তিনি। গতকাল খেলা শেষে সংবাদ সম্মেলনে হাসি বলেন,”আমরা নিজেরাই নিজেদের এই অবস্থানে নিয়ে এসেছি। কিন্তু আমরা এখনো প্রতিযোগিতা থেকে ছিটকে যাইনি। আমাদের পরের ম্যাচ রাজস্থানের বিপক্ষে। কিছুদিনের মধ্যেই আমরা আমরা আবারো সতেজ হয়ে ফিরে আসব এবং নির্বিঘ্নে ক্রিকেট খেলে যাব। আপনি জানেন না কখন কি ঘটতে যাচ্ছে। আশা করি ফলাফল আমাদের পক্ষেই থাকবে এবং প্লে-অফের দল গুলোকে চমকে দিতে পারি।”
