মারুফ ইসলাম ইফতি »
করোনাভাইরাসকে জয় করে প্রথম বিভাগ ক্রিকেট লিগ দিয়ে, আবারো সিলেটে ফিরছে বাইশ গজের প্রতিযোগিতামূলক লড়াই। সবকিছু ঠিক থাকলে আসছে নভেম্বরের শেষের দিকে শুরু হবে সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ।
মহামারী করোনাভাইরাসের প্রভাবে সর্বশেষ লিগের খেলা মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল। করোনা পরিস্থিতি অনুকূলে না থাকায় শেষ পর্যন্ত লিগ বাতিল করা হয়। তবে এবার করোনাকে জয় করে আবারো প্রথম বিভাগ ক্রিকেটের নতুন আসর দিয়ে ক্রিকেটে ফিরছে সিলেট।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির বৈঠক শেষে প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজনের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হয়। আসছে নভেম্বরের ২৫ তারিখ হতে লিগ শুরুর দিনক্ষণ চুড়ান্ত করে জেলা ক্রীড়া সংস্থা।
তবে নতুন এই লিগে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আয়োজকরা। নতুন মৌসু্মের লিগ গত মৌসু্মের মতো আয়োজন হবে না। আসন্ন লিগে থাকবে রেলিগেশন। রঙ্গিন পোশাকে প্রথম বিভাগের ১০ টি ক্লাব একে অপরের মুখামুখি হবে। সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লিগের সবগুলো ম্যাচ। ইতিমধ্যে দীর্ঘ বিরতির পর মাঠে লড়াইয়ে ফিরতে সিলেট জেলা স্টেডিয়ামের উইকেটের কাজও শুরু করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাবে সরকারী নির্দেশনা অনুযায়ী সিলেট প্রথম বিভাগ লিগের সর্বশেষ আসর স্থগিত করা হয়। ৯ মার্চ থেকে শুরু হওয়া লিগ করোনার কারণে বন্ধ হয়ে যায় ১৭ই মার্চ। পরবর্তীতে
করোনা পরিস্থিতি লিগ শুরুর মতো অনুকূলে না আসায় স্থগিত হওয়া লিগ বাতিল করা হয়। সবকিছু ঠিক থাকলে সেই করোনাকে জয় করে, আসছে নভেম্বর আবারো ক্রিকেট উৎসবে মাতবে সিলেটবাসী।
নিউজক্রিকেট টুয়েন্টিফোর/ মারুফ ইসলাম ইফতি
