‘ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যাও’ ব্রাভো’কে পোলার্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইপিএল শুরুর আসরে ২০০৮ সালে ফাইনালে উঠেও সেবার শিরোপা জেতা হয়নি চেন্নাই সুপার কিংসের। তবে পরবর্তী আসরেই মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জয়ের স্বাদ পাই মহেন্দ্র সিং ধোনির দল।

এরপর ২০১৩ সালে আইপিএলের ফাইনালে চেন্নাইকে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জয়ের তৃপ্তি পায় মুম্বাই। এর মধ্যে দিয়েই এই দুই দলের শত্রুতার লড়াই শুরু হয়। অবশ্য সেই আসরে মুম্বাইকে ফাইনালে উঠতে অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছিল। কোয়ালিফাইয়ারে মুম্বাইকে হারিয়ে ফাইনালে উঠেছিল চেন্নাই। আর এলিমিনেটর খেলে ফাইনালে যেতে হয়েছিল মুম্বাইকে।

ফাইনালে চেন্নাইকে ২৩ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় মুম্বাই। ফাইনাল জেতার পর ডোয়াইন ব্রাভোকে খোঁচা দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তারই স্বদেশী কাইরন পোলার্ড। ফাইনাল শেষে ব্রাভোকে ব্যাগ গুছিয়ে দেশে ফিরে যেতে বলেছিলেন তিনি।

চোটের কারণে চলতি আসর থেকে ছিটকে যাওয়া ব্রাভো এক আলাপচারিতায় বলেছেন, ‘পোলার্ড আমাকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা প্রেরণ করে বলেছিল, তোমার ব্যাগ গোছাও এবং বাড়ি ফিরে যাও। আমি বলেছিলাম ঠিক আছে, কোনও সমস্যা নেই।’

আর এদিকে মুম্বাইয়ের এলিমিনেটরে খেলা নিয়ে পোলার্ডকে খোঁচা দিয়েছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। তিনি মুম্বাইয়ের ফাইনালে ওঠা নিয়ে খোঁচা দিয়ে পোলার্ডকে বলেছিলেন, ‘চেন্নাই যোগ্য দল হিসেবে কোয়ালিফাই খেলে ফাইনালে এসেছে। আর মুম্বাইকে এলিমিনেটর খেলতে হয়েছে।’

আইপিএলের সেই আসরের ফাইনালের পর থেকেই এই দুই দলের লড়াই মানে বাড়তি উত্তেজনা। এমনকি দুই দলের খেলোয়াড়রাও একে অপরের মুখোমুখি হওয়ার সময় দারুণ আক্রমণাত্মক থাকেন। অনেকে মুম্বাই-চেন্নাইয়ের ম্যাচ এলেই এল ক্লাসিকোর স্বাদ পান।

আইপিএলের চলতি আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাইকে ৫ উইকেটে হারিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির দল। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের হারালেও পুরো আসরে নড়বড়ে হয়ে পড়েছে স্টিভেন ফ্লেমিংয়ের শিষ্যরা। চেন্নাইয়ের খারাপ সময় গেলেও টুর্নামেন্টে দারুণ ফর্মে আছে রোহিতের দল। ৯ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে মুম্বাই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »