নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান সময়ে বিশ্বের অন্যতম অলরাউন্ডার বলা হয়ে থাকে জেসন হোল্ডারকে। ভালো অলারাউন্ডার পারফরমেন্স করার পরেও গত কয়েক বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোনো দলই আগ্রহ দেখায়নি তাঁকে নিয়ে। সর্বশেষ ২০১৬ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন এই ক্যারিবিয়ান।
তার ধধারাবাহিকতাই চলতি আসরের শুরুতেও আইপিএলে জায়গা হয়নি হোল্ডারের। তবে হায়দরাবাদ পেসার মিচেল মার্শের ইনজুরিতে শেষ পর্যন্ত কপাল খোলে তাঁর। বৃহস্পতিবার হায়দরাবাদের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামেন তিনি। যেখানে ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন তিন উইকেট।
টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই পারফর্ম করতে পেরে বেশ খুশি হোল্ডার। ম্যাচ শেষে তিনি বলেন,”এটা খুবই আনন্দদায়ক। আমি অনেক আগে থেকে আইপিএল খেলছি। অনেকদিন ধরেই আইপিএলে ফিরতে চাচ্ছিলাম। আমি খুশি যে ম্যাচে প্রভাব রাখতে পেরেছি।”
হোল্ডারের খেলা প্রথম ম্যাচের দিনে জয় পেয়েছে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিংয়ে নেমে মনিষ পান্ডে ও বিজয় শঙ্করের দৃঢ়তায় সহজেই ম্যাচ জিতে নেয় তারা। দুজনের ১৪০ রানের জুটিতে ১১ বল হাতে রেখেই রাজস্থানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় হায়দরাবাদ।
