ব্যাটসম্যানদের আরো সুযোগ দেওয়ার পক্ষে ডমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনার প্রকোপ কাটিয়ে মাঠে চলতি ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। চলছে বিসিবি প্রেসিডেন্টস কাপ তবে সেখানে আশানুরূপ পারফরম্যান্স করতে পারছেন না বেশিরভাগ ব্যাটসম্যান। একমাত্র মুশফিকুর রহিমের ছাড়া আর অন্য কাউকে ধারাবাহিকভাবে রান করতে দেখা যায়নি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে মোটেই চিন্তিত নন। বরং তাদেরকে আরো বেশি সময় দেয়ার পক্ষে মতামত দিয়েছেন তিনি।

প্রোটিয়া এই কোচ বলেন, ‘আপনাকে মাথায় রাখতে হবে যে ছেলেরা সাত মাস ধরে ক্রিকেট খেলছে না। অনেক লম্বা সময় ধরে তারা প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে রয়েছে। কোনো সন্দেহ নেই যে ছেলেরা ভালো করবে। ওরা একটি দল হিসেবে খেলবে।’

ব্যাটসম্যানরা ধারাবাহিক রানের মধ্যে নেই এই বিষয়টিও মানতে নারাজ ডমিঙ্গো। এক্ষেত্রে গত জিম্বাবুয়ে সিরিজের উদাহরণ টেনেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি পান ওপেনার তামিম ইকবাল। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসও দারুণ পারফর্ম করেন সিরিজে। সেই সিরিজের উদাহরণ দেখিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘এটা এখনই বলা ঠিক হবে না যে ওরা ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। মাত্র ৬ থেকে ৭ মাস আগে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪০ রান করেছিলাম ওয়ানডে সিরিজে। লিটন ১৮০ রান করেছিল, তামিম দুটি সেঞ্চুরি পেয়েছিল। তাই এখনই কিছু বলা ঠিক হবে না।’

করোনাকালীন এই সময়ে পারফরম্যান্সের চেয়েও ক্রিকেটারদের খেলার সুযোগের প্রতি বেশি গুরুত্ব দিতে চান প্রোটিয়া এই কোচ ডমিঙ্গো। সেকারণে তামিমদের উপর চাপ কমানোর আহ্বান জানিয়েছেন তিনি।

ডমিঙ্গোর বক্তব্য, ‘সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ছেলেরা খেলার সময় পাচ্ছে। এই মুহূর্তে পারফরম্যান্স গুরুত্বপূর্ণ নয় যতটা আমার মনে হয়। আমি মনে করি টুর্নামেন্ট জেতার প্রবণতা এবং ছেলেদের পারফরম্যান্সের ব্যাপারে মিডিয়ার যে প্রত্যাশা এই বিষয়গুলো এখন একেবারেই অমূলক। কারণ ওরা ৬-৭ মাস ক্রিকেট খেলেনি। আমি মিডিয়াকে বলবো তারা যেন খেলোয়াড়দের সমর্থন দেয় এবং তাদের পারফরম্যান্স নিয়ে খুব বেশি সমালোচনা না করে বিশেষ করে দশ দিনের ক্রিকেট দেখে। তারা সাত মাস ধরে ক্রিকেট খেলছে এমনটা তো আর নয়। তাই ছেলেদের আরো নিশ্বাস নেয়ার সুযোগ দেয়া উচিত।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »