নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রেসিডেন্ট’স কাপে গতকাল (২২শে অক্টোবর) নাজমুল শান্ত একাদশের বিপক্ষে ফাইনালে উঠার লড়াইয়ে ৭ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তামিম একাদশ। নিজেদের ব্যাটিং ব্যর্থতায় এমন হার দেখতে হয় তামিম-আকবরদের।
সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৬৪ রানেই গুড়িয়ে যায় নাজমুল একাদশের ইনিংস। বৃষ্টি বাধায় ৪১ ওভারে তামিম একাদশের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৬৪ রান। তামিম ইকবালের অর্ধশতকের পরেও ম্যাচে ৭ রানের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তামিমদের।
তামিমের মতে, তার দল ফাইনালে উঠার যোগ্যতাও রাখে না। হতাশা প্রকাশ করে তামিম বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে ব্যাটিং করেছি, আমার মনে হয় আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না। আমি যখন আউট হই তখনো বলের সাথে রানের অনেক ব্যবধান ছিল, প্রয়োজনের রানের চেয়ে ৩০ বল বেশি ছিল। ঐ জায়গা থেকে এই জায়গায় ম্যাচ এসে যাবে এটা আমি নিজেও কল্পনা করিনি। তিন ম্যাচেই আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি।’
চার ম্যাচে তামিমরা মাত্র জয় পায় একটি ম্যাচে। পুরো টুর্নামেন্টেই সব দলের টপ অর্ডারের ব্যাটিং ইউনিটের অবস্থাই নাজেহাল। শুরুতেই ২-৩ টি উইকেট হারাচ্ছে সব দলই। ব্যতিক্রম নয় তামিম একাদশের। তবে অন্য দলে মিডল অর্ডারে খেলোয়াড়েরা রান পেলেও তামিম একাদশে সবার অবস্থাই ছিলো নড়বড়ে।
তিনি বলেন, ‘তবে সব ম্যাচেই বোলিং ইউনিট চমৎকার করেছে। সাইফউদ্দিন, শরিফুল, মেহেদী… বোলারদের পারফরম্যান্স সত্যিই ভালো ছিল। তবে আমিসহ সব ব্যাটসম্যানের পারফরম্যান্স যতটা ভালো হওয়ার কথা ছিল তার কাছাকাছিও যায়নি।’
