ছিটকে গেলেন ব্রাভো, কপাল খুললো শেফার্ডের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতবছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে হাঁটুর ইনজুরি নিয়ে খেলে বেড়াচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে নতুন করে আবার যোগ হয়েছে কুঁচকির ইনজুরি। যে কারণে এ আসরে আর তাঁকে মাঠে দেখা যাবে না।

আইপিএল থেকে ছিটকে যাবার পরপরই ব্রাভো ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেও। ব্রাভোর ইনজুরির কারণে নিউজিল্যান্ড সিরিজে তাঁর বদলি হিসেবে দলে ডাক পড়েছে ফাস্ট বোলার রোমারিও শেফার্ডের।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাবার বিষয়টি জানান খোদ ব্রাভো।
ব্রাভো বলেন,”দুর্ভাগ্যক্রমে, শনিবার আমি সিএসকের হয়ে খেলতে গিয়ে যে চোঁটের মুখোমুখি হয়েছিলাম তা কেবল আমাকে আইপিএল থেকেই ছিটকে দেয়নি, নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে দিয়েছে। আমি ত্রিনিদাদে ফিরে যাওয়ার ব্যবস্থা করছি যেখানে আমি আমার পুনর্বাসন এবং চিকিৎসা চালিয়ে যাব। আমি সত্যিই নিউজিল্যান্ড সফরের অপেক্ষায় ছিলাম কারণ গত মার্চ মাসে শ্রীলঙ্কায় শেষ বারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলাম। এরপর অনেক মাস কেটে গেছে।”

ছিটকে যাওয়ার আগে চেন্নাইয়ের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন ব্রাভো। যেখানে ৮.৫৭ ইকোনমিতে ৬ উইকেট শিকার করেন তিনি। তবে ব্যাট হাতে তেমন ভালো কিছু দেখাতে পারেনি এই অলারাউন্ডার কারণ মাত্র দুই বার নামার সুযোগ হয়েছিল তার। যেখানে তাঁর ব্যাট থেকে এসেছে ৭ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »