নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেছে অধিকাংশ সব দেশের ক্রিকেট। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়, প্রেসিডেন্টস কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। খেলায় ফিরে নিজেদের আগের রূপে ফিরে পাননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। দুটি ম্যাচেই রান খরায় ভুগেছেন লিটন-মুশফিকরা।
এ কারণে হঠাৎ করে চট্টগ্রাম থেকে উড়িয়ে আনা হয়েছে কিউরেটর প্রভীন হিঙ্গনিকরকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মনে করছে উইকেটের কারণেই এমন নাজুক পারফরম্যান্স ব্যাটসম্যানদের। হুট করে বল খুব সহজে ব্যাটে আসছে আবার অনেকসময় দেখা গেছে ব্যাটে অনেক দেরি করে আসছে বল। এ কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক অভিজ্ঞ ব্যাটসম্যানরাও।
করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর দিকে দেখা দিলে নিজ দেশ শ্রীলঙ্কায় ফিরে যান মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কিউরেটর গামিনি ডি সিলভা। মিরপুরে ইতোমধ্যে ক্রিকেট ফিরেছে কিন্তু তিনি ফেরেননি এখনও।
প্রেসিডেন্টস কাপের উইকেট তৈরির জন্য দায়িত্ব দেয়া হয়েছিল সহকারী কিউরেটর মোহাম্মদ কবিরকে। তবে তিনি মিরপুরের উইকেটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারেননি। এর ফলে চট্টগ্রাম থেকে হিঙ্গনিকরকে উড়িয়ে আনা হয়েছে।
বুধবারই তিনি ঢাকায় পৌঁছেছেন। এ প্রসঙ্গে বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন এক জনপ্রিয় পোর্টালকে বলেছেন,”আমরা প্রবীনকে নিয়ে এসেছি। সে অনেক অভিজ্ঞ কিউরেটর এবং আমরা এই টুর্নামেন্টের উইকেট তৈরির জন্য তার দক্ষতা কাজে লাগাতে চাই।”
