দুই তামিমের ওপেনিং জুটির জন্য অপেক্ষায় বড় তামিম!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট মাঠে কতো ঘটনাই না ঘটে, ঘটে কত অদ্ভুতুড়ে ঘটনা, আবার অনেক অবাক করা ঘটনা। তবে কখনো একই নামের দুই ব্যাটসম্যান ইনিংস শুরু করতে এসেছে এমন ঘটনা আগে ঘটেছে বলে মনে পড়ছে না। তবে এবার ঘটতে যাচ্ছে এমন ঘটনা, সব কিছু ঠিক থাকলে আগামীকাল বিসিবি প্রেসিডেন্ট কাপে তামিম একাদশের হয়ে ওপেন করবেন দুই তামিম।

বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম ইকবাল একাদশের বিপক্ষে আগামীকাল মাঠে নামছে মাহমুদউল্লাহ একাদশ। এই ম্যাচে প্রথমবারের মতো তামিম ইকবাল এবং তানজিদ হাসান তামিমকে এক সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে। তানজিদের সঙ্গে ওপেনিংয়ের জন্য মুখিয়ে আছেন তামিম।

দুজনের নাম নিয়ে প্রাকটিসে তৈরি হচ্ছে বিভ্রান্তি, ছোট তামিমের সাথে ওপেনিং ও নামের বিভ্রান্তি নিয়ে তামিম ইকবাল বলেন, ‘কালকে তামিমের (তানজিদ হাসান) সঙ্গে আমি ওপেন করবো। আমরা একটু কনফিউজড হয়ে যাচ্ছি। এতদিন তো সবাই আমাকে তামিম ভাই করে ডাকতো। এখন অনেক তামিম, তামিম করে ডাকে। আমাদের দুজনকেই সবার দিকে তাকাতে হয়। আমি বলছি ওকে যদি অন্য কোনো নামে ডাকা যায় তাহলে ভালো হয়।’

ছোট তামিমের সাথে ওপেনিং করতে মুখিয়ে আছেন এই অধিনায়ক, তানজীদ তামিমের ব্যাটিংয়ের প্রশংসা করে তামিম ইকবাল খান বলেন, ‘যতটুকু আমি ওকে দেখলাম, ও খুব রোমাঞ্চিত, খুবই সম্ভাবনাময়। ওর সঙ্গে দুই-তিন দিন নেট শেয়ার করেছি। সে দেশের ক্রিকেটের জন্য ভালো প্রসপেক্ট। আশা করি তার ভালো একটা টুর্নামেন্ট যাবে। আমি তার সঙ্গে ওপেনিং করতে তাকিয়ে আছি।’

মজার বিষয় হচ্ছে তাদের দুজনেরই ডাক নাম তামিম। এমনকি দুজনই বাঁহাতি ব্যাটসম্যান। তামিম ইকবাল এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বমঞ্চে রাজত্ব করে চলেছেন, আর তানজিদ তো বিশ্বমঞ্চে রাজত্ব করার স্বপ্নে বিভোর।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »