নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আজকে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত ওয়ানডে ফরম্যাটের তিনদলীয় ঘরোয়া টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ। যেখানে অংশ নেবে তিনটি দল এবং সকলেই বাংলাদেশি খেলোয়াড়। সম্পূর্ণ ঘরোয়াভাবেই হচ্ছে এই টুর্নামেন্টটি। আর এই টুর্নামেন্টের মধ্য দিয়ে দীর্ঘ ৭ মাস পর বাংলাদেশে এবং বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফিরছে প্রতিযোগিতামূলক ক্রিকেটে। এই টুর্নামেন্টে যে দলগুলো অংশ নিচ্ছে তা হলো: তামিম ইকবাল একাদশ, মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ ও নাজমুল হোসেন শান্ত একাদশ। তো এই টুর্নামেন্টে কে এগিয়ে থাকবে এবং কে পিছিয়ে থাকবে? চলুন একটু দেখে নেয়া যাক।
উক্ত টুর্নামেন্টটিতে সবচেয়ে তরুণ নির্ভর দল করা হয়েছে নাজমুল হোসেন শান্ত একাদশ। যেখানে রয়েছে শান্ত, সাইফ, আফিফ, তৌহিদ, পারভেজ ইমন, রাহি, মুগ্ধ, রিশাদদের মতো তরুণ তুর্কী। তাই এই তরুণরা নিজেদের উজাড় করে দেবার চেষ্টা করবে তা বলাই বাহুল্য। আর দলে রয়েছে সৌম্য সরকারের মতো হার্ড হিটিং ব্যাটসম্যান আর তাসকিন আহমেদের মতো দুর্দম্য বোলার। আর দলটির অন্যতম বড় শক্তি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাই তরুণ ও সিনিয়র সংমিশ্রণে এই দলটি এগিয়ে থাকবে আর তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফিল্ডিংয়েও এই দলটি এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এবার আসা যাক তামিম ইকবাল একাদশে। তামিম ইকবাল একাদশে অন্যতম আকর্ষণ হচ্ছে এই দলটির ওপেনিং জুটি। যেখানে দুই তামিম ওপেনিং করবেন। একজন সিনিয়র তামিম অপরজন জুনিয়র তামিম। জুনিয়র তামিম হচ্ছেন অনুর্ধ্ব-১৯ দলের তানজিল হাসান তামিম। এছাড়া দলটিতে রয়েছে আনামুল হক বিজয় ও মোসদ্দেক হোসেন সৈকতের মতো খেলোয়াড়। আর দলটির অন্যতম বড় শক্তির জায়গা হতে যাচ্ছে দলটির পেস অ্যাটাক। যেখানে রয়েছে মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দীন ও খালেদ। আর স্পিনে রয়েছে তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদীন আফ্রিদির মতো খেলোয়াড়। তাই এই দলটিকে ও হেলা করার সুযোগ থাকছে না।
এবার আসা যাক মাহমুদুল্লাহ রিয়াদ একাদশে। এই দলের ওপেনিং হতে যাচ্ছে অন্যতম জাঁকজমকপূর্ণ। যেখানে বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তামিমের ওপেনিং পার্টনার লিটন কুমার দাসের সাথে ওপেনিংয়ে থাকবেন বাংলাদেশ দলের তরুণ তুর্কী নাইম শেখ। এছাড়া ইমরুল কায়েস, রুবেল হোসেন, ইবাদত, সোহান ও মমিনুল, রনি থাকায় দলটি একটু ভারী হয়েছে। আর স্পিন এটাকে দলটি শক্তিশালী এখানে রয়েছে মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
তবে সামগ্রিক দিক দিয়ে বিবেচনা করলে এগিয়ে থাকবে তরুণ ও সিনিয়র সম্মিলনে গড়া নাজমুল হোসেন শান্ত একাদশ।
