নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন হায়দার আলী। এই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটিংয়ের ধরণ অনেকটাই রোহিত শর্মার মতো। রোহিতের মতো অতি সহজে বলকে সীমানা ছাড়া করার দক্ষতা রয়েছে এই ওপেনারের (হায়দারের)। ইতিমধ্যে অনেকে তাঁকে তুলনা করছেন রোহিতের সঙ্গে।
তবে রোহিতের সঙ্গে তুলনার কারণে বেশ অস্বস্তি বোধ করেন ২০ বছর বয়সী হায়দার আলী। অর্জনের খাতায় এখনো রোহিতের মত বলার তেমন কিছুই করতে পারেননি হায়দার আলী যে কারণে রোহিতের সঙ্গে এই তুলনা মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রতিভাবান এই ব্যাটসম্যান।
পাকিস্তানের এই তরুণ ক্রিকেটার বলেন, ‘রোহিত বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। কেউ যখন তার সঙ্গে আমার তুলনা করে আমি তখন অস্বস্তি বোধ করি। সে ইতোমধ্যেই অনেক কিছু অর্জন করেছে। আমি তিন ফরম্যাটেই পারফর্ম করতে পারবো। সবগুলোতে খেলাই উপভোগ করি। প্রথম শ্রেণীর ক্রিকেটেও আমার খুব ভালো একটা মৌসুম কেটেছে। নর্দানে আমার কোচ মোহাম্মদ ওয়াসিম আমাকে খুব ভালো দিক নির্দেশনা দিচ্ছেন।’
একজন তরুণ ক্রিকেটারের জন্য কোচের ভূমিকা কেমন সেটা জানিয়ে হায়দার আরো বলেন, ‘আমি এটা সবসময়ই অনুভব করি যখন কোচ হিসেবে আপনি কোনো ক্রিকেটারকে আত্মবিশ্বাস যোগাবেন সেটা পার্থক্য গড়ে দেবে। ওই খেলোয়াড়কে তার সামর্থ্যের সবটা উজাড় করে দিতে উদ্বুদ্ধ করবে।’
নিউজক্রিকেট/শাওন
