নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা থেকে দূরে থাকতে বিসিবি ক্রিকেটারদের জন্য তৈরি করেছিল বায়ো সেফটি বাবল। প্রথম দফার সেফটি বাবল শেষ হয়েছিল শ্রীলংকা সফর বাতিলের পরে, এবার শেষ হলো দ্বিতীয় সেফটি বাবল।
জৈব সুরক্ষা বলয় বা বায়ো-সেফটি বাবলের সাথে দেশের ক্রিকেটের পরিচয় মহামারী ক’রোনার কারণে। শক্তিশালী এই ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা দুনিয়ার ক্রীড়াঙ্গন। স্থবির হয়ে পড়েছিল বাংলাদেশের ক্রিকেটও। ঈদুল আজহার পর ধীরে ধীরে সেই অচলাবস্থা দূর হয়েছে। ক্রিকেটাররা একটি সুনির্দিষ্ট এলাকায় নির্বিঘ্নে যাতে অনুশীলন ও খেলা চালিয়ে যেতে পারেন, সেজন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়।
প্রথম দফা বায়ো-সেফটি বাবলে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিয়েছিলেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কা সফর পণ্ড হওয়ায় দ্বিতীয় দফা সবাই সুরক্ষিত বলয়ে একত্রিত হয়েছিলেন প্রস্তুতি ম্যাচের নিমিত্তে। লাল বলে দুটি প্রস্তুতি ম্যাচ শেষে জাতীয় দলের ক্রিকেটারদের সেই বলয়ও ভেঙে গেছে।
চলতি মাসের এগারো তারিখ থেকে শুরু তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের আগ পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে ক্রিকেটারদের। আজ থেকে ক্রিকেটাররা অবস্থান করতে পারবে নিজ বাসার, তবে টুর্নামেন্ট শুরুর আগে তাদের আবারো ঢুকতে হবে বায়োবল সিকিউরিটির মধ্যে।
তার আগে অবশ্য নতুন করে ক’রোনা পরীক্ষা দিতে হবে টাইগার ক্রিকেটারদের। সেই পরীক্ষায় নেগেটিভ এলেই মিলবে বলয়ে প্রবেশের ছাড়পত্র। আপাতত ক্রিকেটাররা দুই দিন সময় কাটাবেন নিজ বাসায় পরিবারের সাথে।
নিউজক্রিকেট/সুফিয়ান
