নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তান ক্রিকেট দলের ওপেনার নাজিব তারাকাই আর নেই। সড়ক দুর্ঘটনায় কোমায় ছিল গত দুই-তিন ধরে, এরপর এই ওপেনার পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন না ফেরার দেশে। মাত্র ২৯ বছর বয়সেই থেমে গেল এই ক্রিকেটারের জীবন।
এর আগে জালালাবাদ শহরের একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন তারাকাই। দ্রতুই হাসপাতালে অস্ত্রোপচার করা হয় তার। কিন্তু এরপরই কোমায় চলে গিয়েছিলেন তিনি। শেষ রক্ষা আর হলো না। মঙ্গলবার (৬ অক্টোবর) মৃত্যুবরণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
দুর্ঘটনার পর থেকে তার চিকিৎসার সকল অর্থ বহন করে আসছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। মঙ্গলবার সকালে এই টুইট বার্তায় বোর্ডটি তারাকাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং শোক প্রকাশ করেছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বার্তায় লিখেছে, ‘মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারানো আক্রমণাত্মক ব্যাটসম্যান ও চমৎকার একজন মানুষ নাজিব তারাকাইয়ের মৃত্যুর হৃদয়বিদারক খবরে এসিবি ও আফগানিস্তানের ক্রিকেট প্রিয় জাতি শোকাহত। আল্লাহ তাকে শান্তিতে রাখুন।’
ক্যারিয়ারে আফগানিস্তানের হয়ে ১২টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে।
