নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মিরপুরের মাঠে গত ম্যাচের মতো আজও দিনটা নিজের মতো করে শুরু করেছিলেন তাসকিন, তবে তাসকিনের শুরুটা ধরে রাখতে পারেনি কুক একাদশ। ইমরুল রিয়াদ জুটি গড়েছে প্রতিরোধ। ইতিমধ্যে ইমরুল তুলে নিয়েছেন অর্ধশতক।
ব্যাটিং করতে নেমে শুরুটা দেখে শুনেই করেন সাইফ হাসান এবং ইমরুল কায়েস। বোলিংয়ে শুরুতে বল একটু নিচু হয়ে আসায় প্রথম দুই-তিন ওভার বল ছাড়াতেই ব্যস্ত ছিলেন ওপেনাররা। সাবধানী শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সাইফ। তাসকিনের বলে গালি অঞ্চলে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও উইকেটে বেশীক্ষণ থিতু হতে পারেননি। সাইফ শান্তরা ফিরলেও দুর্দান্ত খেলে অর্ধশতক তুলে নিয়েছেন আরেক ওপেনার ইমরুল কায়েস।
শান্তর বিদায়ের পরে বৃষ্টি বাধায় এক ঘন্টা বন্ধ ছিল খেলা। পুনরায় খেলা শুরু হয় ১২ টায়। ইমরুল রিয়াদের টেস্ট মেজাজের জুটিতে ভালো একটা অবস্থানে যায় গিবসন একাদশ।মাঝে আরও একবার বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ালেও, মাত্র ৫ মিনিটের জন্য খেলা বন্ধ থাকে। ইনিংসের ২৬তম ওভারে তাসকিনকে মিড উইকেট অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ৭৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইমরুল। মাহমুদউল্লাহ ব্যাট করছেন ২৪ রানে।
প্রতিবেদন লেখার সময় গিবসন একাদশের সংগ্রহ ২৬ ওভারে দুই উইকেট হারিয়ে ৯০ রান। দুইটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।
