কেন চেন্নাই সবার থেকে আলাদা জানালেন প্লেসিস নিজেই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সবসময়ের জন্যই কঠিন প্রতিপক্ষ। গত আসরেও হয়েছে রানার্স-আপ। তবে চলতি আসরের প্রথম কয়েক ম্যাচে সময়টা একটু ভালো যাচ্ছিল না চেন্নাইয়ের। জয় দিয়ে মৌসুম শুরু করলেও পরের তিন ম্যাচে টানা হেরে বসে ধোনির চেন্নাই।

টানা হারের পর অনেক ভক্ত সমর্থকদের দাবি ছিল দলে খেলোয়াড় পরিবর্তনের। কিন্তু এ বিষয়ে একেবারে অনড় ছিলেন চেন্নাইয়ের কিউই কোচ স্টিভেন ফ্লেমিং। তাঁর আস্থার প্রতিদান অবশ্য দারুণভাবে দিয়েছে ধোনিবাহিনী। টানা তিন ম্যাচ হারের পর গত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১০ উইকেটে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরেছে তিনবারের শিরোপাজয়ী এই দল।

পাঞ্জাবের বিপক্ষে ৫৩ বলে অপরাজিত ৮৭ রানের নান্দনিক ইনিংস খেলা ডু প্লেসি ম্যাচ শেষে বলেছেন,”অন্য দলের চেয়ে চেন্নাই তাদের ক্রিকেটারদের প্রতি বেশি আস্থা রাখে। এমনকি অন্য দলগুলো যখন একাদশে পরিবর্তন আনতে চায় তখনও চেন্নাই আগের খেলোয়াড়দের উপরই বিশ্বাস রাখে। নিজেদের প্রতি আস্থা রাখার জন্য টিম ম্যানেজমেন্টকে কৃতিত্বও দিয়েছেন ডু প্লেসি। তাঁর ভাষ্যমতে, ‘এটি পুরোপুরি অভিজ্ঞতার ব্যাপার এবং এক্ষেত্রে কৃতিত্ব দিতে হবে ম্যানেজমেন্টকে কারণ তারা ক্রিকেটারদের প্রতি আস্থা রেখেছে। তবে এটি দেখতে যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয়।’

নিজেদের পঞ্চম ম্যাচে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮১ রানের উদ্বোধনী জুটিতে পাঞ্জাবকে ১০ উইকেটে হারিয়েছে স্টিভেন ফ্লেমিংয়ের শিষ্যরা। ডু প্লেসি ও শেন ওয়াটসনের ১৮১ রানের জুটি আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »