নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অন্য ক্রিকেটারের মতো নাটারজানের জীবনটা মোটেও সহজ ছিল না। পারিবারিক অভাব অনটন সবসময় লেগেই ছিল তার সঙ্গী। বাবা কাজ করতেন তাঁতের কারখানায়। মা রাস্তার ধারে ছোট দোকান দিয়েছিলেন। থাকতেন তামিলনাড়ুর এক ছোট্ট গ্রামে। এরপর ক্রিকেট বল যখন হাতে নিয়ে ক্যারিয়ার শুরু করলেন, তখনো বাধার কমতি নেই। কখনো বোলিং অ্যাকশনে সমস্যার কারণে নিষেধাজ্ঞা আবার কখনো ইনজুরি।
চেন্নাইয়ের চতুর্থ ডিভিশন থেকে আজ আইপিএল সামর্থ্যের সবটুকু দিয়ে জানান দিচ্ছেন নাটারাজান। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন তিনি। এর আগে খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে।
সানরাইজার্সের ইউটিউবে চ্যানেলে নাটারাজান শুনিয়েছেন তার নিজের জীবনের গল্প সেখানে তিনি বলেন, ‘আমি পঞ্চম শ্রেণিতে থাকতেই টেনিস বলে ক্রিকেট খেলা শুরু করি। যখন আমার ২০ বছর বয়স, তখন আমি প্রথম ক্রিকেট বল হাতে নেই। আর তখনই আমার ক্যারিয়ার শুরু হয়। তারপর আমার ভাইয়ের বন্ধু আমাকে চেন্নাইয়ের চতুর্থ ডিভিশনে খেলার সুযোগ করে দেয়। যদি আপনাকে পেশাদারভাবে ক্রিকেট খেলতে হয়। তাহলে আপনার জুতা ও ভালো পোশাক দরকার। আমার ট্রেনিংয়ে যাওয়ার টাকাও ছিল না। তো, আমি লোকাল ক্রিকেটে যা টাকা পেতাম তা দিয়ে প্রয়োজনীয় সামগ্রী কিনতাম এবং কোথাও যাওয়ার জন্য টাকা রাখতাম। এমন অনেক কষ্টই ছিল।’
নাটারাজানের স্পেশাল ডেলিভারি হল ইয়র্কার। যা করার রহস্যের কথাও জানিয়েছেন তিনি। এই পেসার বলেন, ‘যখন আমি ক্রিকেট বলে ইয়র্কার অনুশীলন শুরু করি, আমি সেটা শুধু ব্যাটসম্যানের সামনেই পারতাম। জুতার সামনে সব বলে পারতাম না। যদি সামনে ব্যাটসম্যান থাকে, তাহলে আমি ছয় বলে ছয়টাই ইয়র্কার করতে পারবো।’
নিউজক্রিকেট/শাওন
