নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলের ক্যাম্পের প্লেয়ারদের নিয়ে অনুষ্ঠিত প্র্যাকটিস ম্যাচের ২য় দিন আজ, ২য় দিনে ব্যাট করছে কুক একাদশ। মুমিনুল সেঞ্চুরি পূরণ করেছেন আগেই, কিন্তু অর্ধশতক করে ফিরে যেতে হয়েছে মোহাম্মদ মিঠুনকে ।
দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে বসে রায়ান কুক একাদশ। এবাদত হোসেন ও হাসান মাহমুদের বোলিং তোপে শুরুতেই খেই হারায় দলটি। নিজেদের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন দুই ওপেনার সাদমান ইসলাম ও ইয়াসির রাব্বি। দুজনকেই সাজঘরের পথ ধরান এবাদত।
দুই ওপেনার ফেরার পর পিচে বেশিক্ষণ থাকা হয়নি মুশফিকুর রহিমেরও। ৩ রানেই মুশফিককে সাজঘরের পথ দেখান হাসান মাহমুদ।এরপর দলের হাল ধরেন মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন। চতুর্থ উইকেট জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন তারা। শুধু তাই নয় দুজনে মিলে গড়ে দেন দলকে লিড নেওয়ার রাস্তা। তাদের জুটিতে আসে ১৫৩ রান।
মুমিনুল মিথুন জুটি যখন ভয়ংকর হচ্ছে তখনই গিবসন একাদশে স্বস্তি ফেরান নাঈম হাসান, মিঠুনকে সাজ ঘরে পাঠান ব্যক্তিগত ৬২ রানে। মিথুন ফিরলেও অর্ধশতক করে থামেননি মুমিনুল, অর্ধশতককে শতকে রূপ দেন অধিনায়ক।
এ প্রতিবেদন লেখার সময়, রায়ান কুক একাদশের সংগ্রহ ৪ উইকেটে ১৮৭ রান। এর আগে ২৩০ রানে সব উইকেট হারায় শান্তর নেতৃত্বাধীন গিবসন একাদশ।সর্বোচ্চ ৬৪ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে।
