নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এবারের আসরের প্রথম ডাবল হেডারে আজ মুখোমুখি হবে রাজস্থান রয়েলস-রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স ও দিল্লী ক্যাপিটালস। বাংলাদেশ সময় বিকাল ৪ টায় প্রথম ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে নামবে রাজস্থান ও ব্যাঙ্গালুরু। এবং দিনের দ্বিতীয় ম্যাচে শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে কলকাতা ও দিল্লী।
আগের খেলা তিন ম্যাচেই দু’টি করে জয় পেয়েছেন রাজস্থান এবং ব্যাঙ্গালুরু। আগের ম্যাচে সুপার ওভারে মুম্বাইকে ব্যাঙ্গালুরু হারালেও কলকাতার বিপক্ষে শোচনীয় ভাবে পরাজিত হয় রাজস্থান। অপরদিকে, হায়দ্রাবাদের কাছে আগের ম্যাচ হেরেছে দিল্লী ক্যাপিটালস এবং রাজস্থানের বিপক্ষে গত ম্যাচে জয় পায় কলকাতা।
একাদশ ভাবনায়, প্রথম ম্যাচে রাজস্থানের একাদশে ফিরতে পারেন ওপেনার ইয়াসাসভি জেসওয়াল। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন রবিন উথাপ্পা। এছাড়া আগের ম্যাচে জয় পাওয়ায় ব্যাঙ্গালুরু দলে পরিবর্তনের সম্ভাবনা নেই। দ্বিতীয় ম্যাচে কলকাতার একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। অপরদিকে, দিল্লীর একাদশে আসতে পারে এক পরিবর্তন। ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। সেক্ষেত্রে বাদ পড়বেন অমিত মিশ্র।
পয়েন্টস টেবিলে তিন ম্যাচে দু’টি করে জয়ে নিয়ে যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে আছেন রাজস্থান এবং ব্যাঙ্গালুরু। অপরদিকে, তিন ম্যাচে দু’টি করে জয় নিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছে দিল্লী এবং কলকাতা।
