বিগ থ্রির পরই বাংলাদেশের অবস্থান : পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক প্রকার চুপ থাকতো ক্রিকেটের পরাশক্তি দেশগুলোর কাছে। আইসিসির পূর্ণ্য স্থায়ী সদস্য হওয়ার পরেও খুব একটা মূল্য পেতো না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বিশ্ব ক্রিকেটের সকল কার্যক্রম পরিচালনা করতো ক্রিকেটের তিন পরাশক্তি ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ইশারায়।

কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেটেও। বর্তমানে বিসিবি বিশ্ব ক্রিকেটে একটি ক্ষমতাধর অবস্থানে পৌঁছে গেছে বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নাজমুল হাসান পাপনের দাবি, ক্ষমতার দিক দিয়ে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান বিগ থ্রি’র পরেই। তাই এখন কারো ওপর নির্ভরশীল নয় লাল সবুজের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান বিসিবি বস। পাপন বলেন, ‘বেসিক্যালি একটা জিনিস মনে করতে হবে। বাংলাদেশের অবস্থান বাইরে, বিশেষত আইসিসি বা এসিসিতে আগে যা ছিল তার সঙ্গে এখন আর কোনো মিল নাই। পুরো বদলে গেছে। প্রথমে আমরা যখন ওখানে গেছি কোনো অবস্থানই ছিল না। একদম সত্যি কথা। ওরা বাংলাদেশকে বাদই দিয়ে দিচ্ছিলো। বাংলাদেশকে ও জিম্বাবুয়েকে লিস্ট থেকে বাদ দিয়ে দিতে চাচ্ছিলো। দেড় বছরে পুরো অবস্থা বদলে গেছে। বাংলাদেশকে এখন বলা হয় ‘ফোর্থ কান্ট্রি’। ওই তিনজনের পর আরেকটা আছে এখন, সেটা হচ্ছে বাংলাদেশ। তাদের সঙ্গে এদের রাজি করাতে হবে। না হলে কোনো কিছু পাশ করানো যাবে না।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »