আবারো বায়োবাবলে টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলংকা সফরকে সামনে রেখে বায়ো সেফটি বাবলের মধ্যে থেকে অনুশীলন করছিলো বাংলাদেশ দল, তবে শ্রীলংকা সফর বাতিলের পরে ক্রিকেটাররা ফিরেছিলেন নিজ নিজ ঘরে। আবারও ক্রিকেটারদের নিয়ে আসা হচ্ছে বায়ো সেফটি বাবলের মধ্যে। আজ থেকেই আবারো বিসিবির আওতায় এই সেফটি পদ্ধতির মধ্যে ঢুকছেন ক্রিকেটাররা।

আজ থেকে বায়ো সেফটি বাবলে ঢোকা ক্রিকেটারদের করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগেও তিনবার করোনা টেস্ট হয়েছে ক্রিকেটারদের ।নমুনা পরীক্ষায় ‘নেগেটিভ’ রিপোর্ট পাওয়া ক্রিকেটাররা কয়েকদিনের বিরতি কাটিয়ে আবারো কোচিং স্টাফদের অধীনে আনুষ্ঠানিক অনুশীলনে ফিরবেন। তাদের পাশাপাশি অনুশীলন শুরু করছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও। বায়োবাবলের আওতায় জাতীয় দলের ক্রিকেটাররা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এবং অনূর্ধ্ব-১৯ দল বিকেএসপিতে অবস্থান করবে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘জৈব সুরক্ষা বলয়ের নিরাপত্তায় ক্রিকেটারদের অনুশীলনের দ্বিতীয় ধাপ আগামীকাল (আজ) থেকে শুরু হতে যাচ্ছে। আজকে বাংলাদেশ জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দল ও কোচিং স্টাফদের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল টেস্ট রিপোর্টের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ জাতীয় দল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে এবং অনূর্ধ্ব-১৯ দল বিকেএসপিতে থেকে তাদের অনুশীলন কার্যক্রম শুরু করবে।’

দেবাশিস আরও বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়, হোটেল কর্তৃপক্ষ ও বিকেএসপির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ব্যবহৃত স্থাপনা ও যানবাহন এসব বাবলগুলোকে এক করে সার্বিক জৈব সুরক্ষা বলয় তৈরি করে তা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি।’

এই ক্যাম্পে থাকা অবস্থায় তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেটাররা। ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ফিরিয়ে আনার জন্যই এই ব্যবস্থা। এরপরে ৬ দলের কর্পোরেট টি২০ লীগ আয়োজনের চিন্তা করছে বিসিবি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »