নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হতে বাকি আর মাত্র ২৮ দিন, এই মাসের ২৯ তারিখ উঠে যাবে সাকিবের নিষেধাজ্ঞা, ৩০ তারিখ থেকে মাঠে নামার অনুমতি মিলবে সাকিবের । মাঠে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করতে সাকিব এই একমাস নিবিড় অনুশীলন করেছেন সাকিব আল হাসান। তবে আবার সাকিব উরাল দিবেন যুক্তরাষ্ট্রের পথে।
শ্রীলংকার বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিলো সাকিব আল হাসানের, তবে লংকা সিরিজ স্থগিত হয়েছে দুই দিন আগে। শ্রীলংকা সিরিজের খেলার জন্য বিকেএসপিতে একান্ত ভাবে অনুশীলন করছিলেন সাকিব। তবে শ্রীলংকা সফর বাতিল হওয়ায় সাকিব আবারো যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
করোনাকালে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে ৫ মাস পার করে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। পরদিন করোনা টেস্ট শেষে ৪ সেপ্টেম্বর নেগেটিভ প্রমাণিত হয়ে চলে যান বিকেএসপিতে। কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের সাথে নিবিড়ভাবে কাজ করছিলেন লঙ্কা সফর সামনে রেখেই।তবে সফর স্থগিত হওয়ায় এবং এবছর টাইগারদের আন্তর্জাতিক সিরিজ না থাকায় যুক্তরাষ্ট্রে স্ত্রী, সন্তানে কাছে ফিরে যাওয়াকেই শ্রেয় মনে করছেন সাকিব। সব কিছু ঠিক থাকলে আগামী দুই একদিনের মধ্যেই রওনা হতে পারেন টাইগার অলরাউন্ডার। সাকিবের পারিবারিক সূত্রমতে জানা যায় ১ অক্টোবর রাতেই দেশ ছাড়ার জোর সম্ভাবনা রয়েছে।
চলতি বছর কোন আন্তর্জাতিক ক্রিকেট খেলার সম্ভাবনা খুব কম বাংলাদেশের। তবে ঘরোয়া ক্রিকেট ফেরানোর ব্যাপারে বদ্ধ পরিকর বিসিবি। আগামী মাসেই ৬ দল নিয়ে কর্পোরেট টি-টোয়েন্টি লিগ আয়োজনের পরিকল্পনা দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার। ধীরে ধীরে ফিরতে পারে অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টগুলোও।
সবকিছু ঠিক থাকলে ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তন টা ঘরোয়া ক্রিকেট দিয়েই হতে যাচ্ছে, আর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য সাকিবকে অপেক্ষায় থাকতে হবে নতুন বছরের। সামনের মাসে শ্রীলঙ্কায় শুরু হওয়া লংকান প্রিমিয়ার লীগের নিলামে সাকিবের নাম থাকলেও বিসিবি ছাড়পত্র দিবে কিনা তা নিয়ে আছে ধোয়াশা।
