আমার বদলে যাওয়ার পিছনে কোহলির অবদান রয়েছে : স্যামসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অনেক আগে থেকেই নিজের সামর্থ্য দেখিয়েছেন সঞ্জু স্যামসন। অন্যবারের তুলনায় এবারের আসরে একটু বেশিই ভয়ঙ্কর হয়ে উঠেছেন এই ব্যাটসম্যান।

এবারের আসরে দুই ম্যাচে যথাক্রমে ৭৪ ও ৮৫ রান করে রাজস্থান রয়্যালসের দুটি জয়েই বড় অবদান রেখেছেন তিনি। বর্তমানে তুখড় ফর্মে থাকা স্যামসন জানালেন, তাঁর ক্যারিয়ার বদলে যাওয়ার পেছনে অবদান আছে বিরাট কোহলিরও। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে লাইভে এসে এমন মন্তব্য করেন স্যামসন। তিনি বলেন, ‘একবার অনুশীলনে বিরাট ভাইকে আমি জিগ্যেস করি, উনি কীভাবে অনুশীলন করে বা কীভাবে ফিটনেস নিয়ন্ত্রণ করে। তো উনি আমাকে এরপর অনেক প্রশ্ন করে। তিনি জিগ্যেস করেন যে আমি কত বছর খেলতে চাই। তো আমি বললাম যে, এখন ২৫। আরও দশ বছরের মতো খেলতে চাই। এরপর তিনি আমাকে বললেন দশ বছর পর তোমার যেটা মন চায় সেটা করতে পারবে। যা ইচ্ছা তাই খেতে পারবে। তোমার যা যা সামর্থ্য আছে সবকিছু এই দশ বছরে কেন দিচ্ছো না?’ এরপর খেলার প্রতি আমার নিবেদন পরিবর্তিত হয়ে যায়। আমি আগেও খেলাকে অনেক কিছু দিয়েছি। কিন্তু আরও কিছু বিষয় ছিল যা আমি পরবর্তীতে দেয়া শুরু করি।’

ভারতের জাতীয় দলের হয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি স্যামসন। মাত্র চারটি টি-টোয়েন্টি খেলার সুযোগ হয়েছে স্যামসনের। আইপিএলে এখন পর্যন্ত ৯৫ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১৩৩.৭৯ স্ট্রাইক রেটে দুটি সেঞ্চুরিসহ দুই হাজার ৩৬৮ রান করেছেন তিনি।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »